খবর লাইভ : আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবার ফের সন্দেশখালি গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও তাকে ‘গ্রেফতার’ বলে মানতে নারাজ শুভেন্দু। সন্দেশখালি যাওয়ার পথে তিনি বলেন, এটা গ্রেফতার নয়, মিউচ্যুয়াল অ্যাডজাস্টমেন্ট। রাজকীয় ভাবে থাকবেন শাহজাহান। মোবাইল ফোনে এলাকা কন্ট্রোল করবেন। বিজেপি যে সন্দেশখালিকে কেন্দ্র করে আন্দোলন চালিয়ে যাবে, তা বোঝাতে শুভেন্দু বলেন, ‘পিকচার আভি বাকি হ্যায়।’দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, ‘‘একটি এলাকার শাহজাহান গ্রেফতার হয়েছেন। কিন্তু রাজ্যের সব জেলাতেই অনেক শাহজাহান রয়েছেন!’’
আগামিকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি ভেবে রেখেছিল, কেন শাহজাহানকে গ্রেফতার করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলবেন স্বয়ং প্রধানমন্ত্রী। কিন্তু মোদির সফরের আগের দিনই গ্রেফতার হয়ে গেলেন শাহজাহান! তবে এমনটা যে হতে পারে, সে ইঙ্গিত বুধবারেই দিয়েছিলেন শুভেন্দু।
আরও পড়ুনঃ সন্দেশখালিকাণ্ডে ভিনরাজ্য থেকে গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ আমির গাজি
বৃহস্পতিবার শুভেন্দু দাবি করেছেন, পুলিশের যে দল পরশু দিন (মঙ্গলবার) রাত ১২টার সময়ে শাহজাহানকে তুলেছে, সেই দলে আমার লোক ছিল। সকালেই তারা আমায় খবর দেয় যে, ফলতায় নিয়ে যাওয়া হয়েছিল ডিআইজি বারাসত রেঞ্জ ভাস্কর মুখোপাধ্যায়ের গাড়িতে। শুধু এটুকুই নয়, শুভেন্দু আরও বলেন, ওঁকে (শাহজাহান) আবার এখানে বসিরহাটের মিনাখাঁতে আনে। তার আগে আকুঞ্জিবাগানে ওঁর বাড়িতে নিয়ে যায়। বাড়ির লোকজনের সঙ্গে দেখা করায়। এবং বাড়ির লোকেদের উনি বলেছেন, আমি তাড়াতাড়ি ফিরে আসব। তোমরা এখন শান্ত থাকো। আইনের উপরে ভরসা রাখো। আমি ফিরে এসে সব ঠিকঠাক করব। শুভেন্দু বৃহস্পতিবার দাবি তুলেছেন, ইডির হেফাজতে চাই শাহজাহানকে। সিবিআই তদন্তেরও দাবি তুলেছেন।




