খবর লাইভ : এপ্রিল মাসেই রাজ্যে সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, আগামী ২৪ এপ্রিল বাংলায় পা রাখতে পারেন তিনি। সফরসূচি চূড়ান্ত না হলেও রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এর আগে দু’বার সফর বাতিল করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই প্রেক্ষাপটে মোদির এই সফর বঙ্গ রাজনীতিতে নতুন আবেগ ও বার্তা আনতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
লোকসভা নির্বাচনের পর ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, এই সফরের মূল উদ্দেশ্য হতে পারে কেন্দ্রীয় সরকারি প্রকল্পে অংশগ্রহণ, তবে জনসভা আয়োজনের সম্ভাবনাও জোরদার। জানা যাচ্ছে, কলকাতা কিংবা সংলগ্ন জেলা হতে পারে জনসভার ভেন্যু।
বর্তমানে রাজ্যে একাধিক সংবেদনশীল ইস্যু— মুর্শিদাবাদে অশান্তি, ওয়াকফ আইনের বিরোধিতা, ২৬ হাজার শিক্ষক-কর্মীর চাকরি বাতিল, ইত্যাদি নিয়ে উত্তপ্ত পরিস্থিতিতে মোদির সফর নতুন রাজনৈতিক বার্তা বহন করতে পারে।
তবে এখনও পর্যন্ত নবান্ন বা পুলিশ প্রশাসনের কাছে কোনও সরকারি বার্তা না পৌঁছানোয় সফরসূচি নিয়ে রয়েছে ধোঁয়াশা।
রাজনৈতিক মহলের মতে, যদি সফরটি বাস্তবায়িত হয়, তবে সেখান থেকেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির প্রচার অভিযান শুরু হতে পারে।
প্রসঙ্গত, ২০২৪ লোকসভা নির্বাচনে মোদি একাধিকবার বঙ্গ সফর করেন, যদিও দলের আসন সংখ্যা কমে দাঁড়ায় ১২-তে। বিজেপির রাজ্য নেতৃত্ব চাইছেন, এই সফর থেকে মোদি সরাসরি রাজ্য সরকারের ব্যর্থতা তুলে ধরুন ।




