খবর লাইভ : ভোট শেষ হওয়ার পর থেকেই ফের জনসংযোগের কাজে নেমে পড়ছে গেরুয়া শিবির। আগামী দিন পনেরো ধরে, দেশ জুড়ে বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি। দেশজুড়ে বের করা হবে একটি যাত্রা। নরেন্দ্র মোদিকে টানা তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী করার জন্য, ‘ভোটার অভিনন্দন যাত্রা’র মাধ্যমে সারা দেশের ভোটারদের ধন্যবাদ জানাবে বিজেপি। এই যাত্রা ছাড়াও রয়েছে আরও বেশ কিছু কর্মসূচি। আর প্রত্যেকটি কর্মসূচি পালনের জন্য নির্দিষ্ট ব্যক্তিদের দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ইউজিসির নতুন নিয়ম, স্নাতকে না পড়া বিষয়েও স্নাতকোত্তর পড়ার সুযোগ!
‘ভোটার অভিনন্দন যাত্রা’ কর্মসূচির ইনচার্জ করা হয়েছে সুনীল বনসলকে। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাতে দেশের বিভিন্ন জায়গায় চলবে এই যাত্রা। এর পাশাপাশি, তৃতীয় মোদি সরকার যে মন্ত্রীরা জায়গা পেয়েছেন, তাঁদেরও স্বাগত জানানো হবে। যে যে রাজ্য থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা নিযুক্ত হয়েছেন, সংশ্লিষ্ট রাজ্যগুলির বিজেপি শাখা সেই মন্ত্রীদের সম্মানে রাজ্যে একটি করে অনুষ্ঠানের আয়োজন করবে। সেখানে সংশ্লিষ্ট মন্ত্রীদের সংবর্ধনা দেওয়া হবে।
এরই পাশাপাশি, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। ওই দিনও দেশ জুড়ে যোগ সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে বিজেপি। তারপর ২৫ জুন, জরুরি অবস্থার স্মরণে, সারা দেশে ‘জরুরি অবস্থার কালো দিন’ শিরোনামে বেশ কিছু কর্মসূচি পালন করবে বিজেপি। জরুরি অবস্থার ভয়াবহতা স্মরণ করবেন বিজেপি নেতারা। সেই সময়, যাঁদের কারাবন্দি করা হয়েছিল, তেমন জীবিত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন কার্যকর্তারা। এই দুই কর্মসূচির ইনচার্জ, তরুণ চুগ এবং দুষ্মন্ত গৌতম। তাঁদের ঘাড়ে রয়েছে জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালনের দায়িত্বও।




