খবর লাইভ : আমেরিকা ক্রিকেট দলের ফাস্ট বোলার সৌরভ নেত্রওয়ালকার টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ
দুর্দান্ত পারফরম্যান্সের জন্য খুব জনপ্রিয় হয়ে উঠেছেন।শুধু ভারতীয়রাই নয়, আমেরিকার মানুষও তাঁকে চিনতে শুরু করেছেন। ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও তিনি ভাল বোলিং করেছেন। এখনও পর্যন্ত ৩টি ম্যাচে ৪টি উইকেট নিয়েছেন সৌরভ।
বিশ্বকাপে তাঁর ইকোনমি রেটও দুর্দান্ত। সৌরভ জানিয়েছেন, সবচেয়ে স্পেশাল ছিল বিরাট কোহলির উইকেট। সৌরভ আবার ওরাকল নামে একটি বড় প্রযুক্তি সংস্থায় কাজ করেন।
তাঁর বোন নিধি নেত্রওয়ালকার বলেছেন, সৌরভ তাঁর ক্রিকেট এবং চাকরি জীবনের ভারসাম্য বজায় রাখছেন। বিশ্বকাপের ম্যাচ খেলে উঠে সৌরভ আবার হোটেলে গিয়ে ল্যাপটপ খুলে অফিসের কাজ করছেন।
নিধি নেত্রওয়ালকার আরও বলেছেন, “সৌরভ খুব ভাগ্যবান যে ওর চারপাশে সবসময় এমন লোকজন রয়েছে যারা ওকে সমর্থন করছে। ও জানে যখন ক্রিকেট খেলবে না, তখন ওকে অফিসের কাজের জন্য ১০০ শতাংশ দিতে হবে। কাজ করার ক্ষেত্রে ও অফিসের থেকে এটুকু স্বাধীনতা পেয়েছে।
সৌরভ নেত্রওয়ালকার তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে এখনও পর্যন্ত ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার মধ্যে তিনি ৩১টি উইকেট নিয়েছেন। এর বাইরে ৪৮টি ওডিআই ম্যাচে নিয়েছেন ৭৩টি উইকেট।
ওয়ানডে কেরিয়ারে তাঁর ইকোনমি রেট ৩.৯৬। সৌরভ ওরাকল কোম্পানির টেকনিক্যাল স্টাফদের প্রধান। তাঁর কোম্পানির মোট সম্পদ ৩৮৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি।




