খবর লাইভ : লোকসভা ভোটের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে সমস্ত শিবিরেই। তার মধ্যেই গোটা বাংলা জুড়ে ইনসাফ যাত্রা করছে বঙ্গ সিপিএম। আর সেটাকে কেন্দ্র করেই উসকে গিয়েছে নতুন বিতর্ক।
সময়ের দাবি মেনে বদলে গিয়েছে সিপিআইএমের সংস্কৃতি? গণসঙ্গীতকে সরিয়ে জায়গা করে নিয়েছে বাণিজ্যিক গান।ডিওয়াইএফআইয়ের উদ্যোগে চলছে এই ইনসাফ যাত্রা। এটি শেষ হবে বিগ্রেড সমাবেশ দিয়ে। সেটার বিভিন্ন ক্লিপে কখনও ৮৩ ছবির লেহরা দো গান ব্যবহৃত হয়েছে, কখনও আবার অন্য কোনও গান। ২০২১ এর বিধানসভায় শূন্য আসন পাওয়ার পর বামেদের লক্ষ্য যে মানুষের সমর্থন ফিরে পাওয়া সেটা বলার অপেক্ষা রাখে না। আর সেটা করতেই, প্রাসঙ্গিকতা ফিরে পেতে এই নতুন গানকে তাঁরা বেছে নিয়েছেন বলেই অনেকে মনে করছেন।
আরও পড়ুনঃ পুলিশি জেরায় বিস্ফোরক তথ্য, সংসদের বাইরে গায়ে আগুন লাগানোর পরিকল্পনা ছিল!
ডিওয়াইএফআইয়ের ‘ইনসাফ যাত্রা’ শনিবার ৪৪ দিনে পড়লেও এক দিনও দেখা গেল না অভিনেতা সব্যসাচী ‘ফেলুদা’ চক্রবর্তীকে। বাদশা মৈত্র, দেবদূত ঘোষদের ওই যাত্রায় হাঁটতে দেখা গেলেও টলিউডের ‘বেণু’কে সেখানে দেখা যায়নি। এরই মধ্যে আবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে তিনি রাজ্য সরকারের প্রদত্ত সম্মান গ্রহণ করেছেন। তাই দুইয়ে-দুইয়ে চার করে বাম মহলে অনেকেই বলতে শুরু করেছেন, তা হলে কি দূরত্ব বাড়ল?
সব্যসাচী অবশ্য বলছেন, ‘‘যাঁরা এই সব গুঞ্জন রটাচ্ছেন তাঁদের রটাতে দিন। তাঁরা হয়তো এর জন্য টাকাও পান। আমি সমর্থক (বামেদের) ছিলাম, আছি, থাকব।’’ তার সাফাই, আগামী ১ জানুয়ারি আমাদের নাটক রয়েছে। তার রিহার্সাল নিয়ে আমি প্রচণ্ড ব্যস্ত। তা ছাড়া, কোভিডের পর শারীরিক দুর্বলতার কারণে আমি কাজও ছেড়ে দিয়েছি। এখন মিছিলে যাওয়া, হুড়োহুড়ি, সেল্ফি তোলার ভিড় সামলানো আমার পক্ষে সম্ভব নয়।




