খবর লাইভ : দিনের ব্যস্ত সময়ে হঠাৎই ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের জলের ট্যাঙ্ক। বুধবার, বেলা সাড়ে ১২টা নাগাদ ট্যাঙ্কের ধাতব পাত ভেঙে হুড়মুড়িয়ে পড়ে ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের শেডের উপর। রেলের দাবি ঘটনায় ৪-৫জন আহত হয়েছে। কিন্তু বেসরকারি সূত্রে খবর, ঘটনায় আহত কমপক্ষে ২৭ জন। আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।
বেলা সাড়ে ১২টা নাগাদ ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন বহু যাত্রী। হঠাৎ বাজ পড়ার মতো শব্দ শোনা যায়। ভেঙে পড়ে দীর্ঘদিনের পুরোনো প্রায় ২৫ হাজার লিটারের জলের ট্যাঙ্ক। তার নীচেই ছিল প্ল্যাটফর্মের বসার শেড। প্ল্যাটফর্মের স্থানীয় ব্যবসায়ীদের দাবি কয়েকদিন ধরেই লিক করছিল ট্যাঙ্কটি। শেষ কবে মেরামতি হয়েছে মনে করতে পারছেন না তাঁরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেন সিপিআরও কৌশিক মিত্র। তাঁর দাবি রক্ষণাবেক্ষণের কোনও ত্রুটি ছিল না।
দুর্ঘটনায় ইতিমধ্যেই ৩ জনের মৃত্যু হওয়ার খবর পাওয়া যাচ্ছে বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধারের কাজে হাত লাগানো স্থানীয় যাত্রীদের দাবি প্রবল জলের তোড়ে প্রথমে উদ্ধার করাই সম্ভব হয়নি। ঘটনার জেরে ২ ও ৩ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। রেলের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে রওনা দেন বলে দাবি সিপিআরও-র।




