খবর লাইভ : পাক অধিকৃত কাশ্মীরের বিধানসভা এলাকা বিন্যাসের ঘোষণাও করে দিল কেন্দ্র। বুধবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘‘পাক অধিকৃত কাশ্মীর হামারা হ্যায়।’’ শাহ বলেন, ‘‘মনোনীত সদস্যদের তালিকায় পাক অধিকৃত কাশ্মীরের এক জন প্রতিনিধিকেও রাখা হচ্ছে। অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের জন্য বিধানসভায় মোট ২৫ সদস্যের আসন সংরক্ষিত রাখা হচ্ছে।’’
বুধবার এই সংক্রান্ত বিল নিয়ে আলোচনায় লোকসভায় শাহ জানান, ২০১৯ সালের ৫ অগস্ট যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার ফলে ভূস্বর্গের আমূল পরিবর্তন হয়েছে। সে দিন জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত কেন্দ্রের তরফে সঠিক পদক্ষেপ ছিল বলে ব্যাখ্যা দেন শাহ। সেই সঙ্গেই জম্মু ও কাশ্মীরের বিধানসভা এলাকা কেমন হবে তা-ও জানান তিনি।
তিনি বলেন, ‘‘আগে জম্মুতে মোট ৩৭টি আসন ছিল। এখন ৪৩টি আসন হয়েছে। কাশ্মীরে আগে ৪৬টি আসন ছিল। এখন ৪৭ হয়েছে। আর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্য ২৪টি আসন আমরা সংরক্ষিত রেখেছি।’’
আরও পড়ুনঃ খাড়গের ডাকা ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নৈশভোজে সাড়া দিল না তৃণমূল
জম্মু ও কাশ্মীর আইনের ১৫ নম্বর ধারা অনুযায়ী, দু’জন মহিলাকে মনোনীত করেন রাজ্যপাল। এখন অবশ্য ওই রাজ্যে লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন। শাহ বলেন, ‘‘এখন থেকে কাশ্মীরের দুই বাসিন্দাকে মনোনয়ন দেওয়া হবে। তাঁদের মধ্যে এক জন হবেন মহিলা। আর পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের এক জনকে মনোনয়নের জন্য আসন সংরক্ষিত রাখা হবে।’’



