খবর লাইভ : প্রায় চার ঘণ্টা তল্লাশির পর তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে বেরোল সিবিআই। তবে তাঁদের সঙ্গে গাড়িতে উঠলেন দেবরাজও। বিধাননগর পুরসভার কাউন্সিলর তথা মেয়র পরিষদের সদস্য দেবরাজ তৃণমূলের বিধায়ক অদিতি মুন্সীর স্বামী। বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে তাঁর বাড়িতে গিয়েছিল সিবিআই। দুপুর ১টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে সিবিআইয়ের গোয়েন্দাদের সঙ্গে গাড়িতে উঠতে দেখা যায় দেবরাজকে।
নিয়োগ মামলার তদন্তে সকাল থেকেই কলকাতা, বিধাননগর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কাউন্সিলর ও বিধায়কদের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে চলছে তল্লাশি। বৃহস্পতিবার সকালে পাটুলিতে তৃণমূলের হেভিওয়েট কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ির পাশাপাশি বিধাননগরের জনপ্রিয় কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর তেঘড়িয়ার বাড়িতে পৌঁছে যায় সিবিআই।
দেবরাজ তৃণমূল বিধায়ক তথা সঙ্গীত শিল্পী অদিতি মুন্সির স্বামী। জানা যাচ্ছে, তেঘড়িয়ার বাড়িতে তল্লাশির পাশাপাশি দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসবাদ করা হচ্ছে। তাঁর কাছে বেশকিছু নথিও চাওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।
সিবিআই সূত্রে খবর, বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজকে নিয়ে যাওয়া হয়েছে, তাঁরই আরও একটি বাড়ির ঠিকানায়। কেন সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, সে ব্যাপারে প্রশ্ন করা হলে দেবরাজ বলেন, ‘‘কেন এই তল্লাশি অভিযান, তার কিছুই জানি না। সিবিআই এসেছিল। তারা আদালতের নির্দেশ পেয়ে এসেছে। তারা তাদের কাজ করছে। এখন আমাকে আমারই অন্য একটি বাড়িতে নিয়ে যাচ্ছে ওরা। আমার যা বলার, আমি তদন্তের প্রক্রিয়া শেষ হওয়ার পরই বলব।’’
যদিও সূত্রের খবর, দেবরাজের যে বাড়িতে সিবিআই তল্লাশি চালাতে গিয়েছে সেটি সম্ভবত কীর্তন শিল্পী তথা বিধায়ক অদিতিরই গানের স্টুডিও। শ্যামনগরের জিএনএস সরণীতে ওই স্টুডিও রয়েছে একটি ফ্ল্যাটবাড়ির ভিতরে।




