খবর লাইভ : বুধবারই তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছিল, বিধানসভায় জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন বিজেপি বিধায়করা। আর তার ঠিক একদিন পর ১২ জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় দায়ের হল এফআইআর। যদিও এই নামের মধ্যে নেই শুভেন্দু অধিকারীর নাম। বিরোধী দলনেতার নামও এফআইআরে যুক্ত করার জন্য আদালতে আবেদন জানাবে পুলিশ এমনটাই সূত্রের খবর। বুধবার একদিকে যখন ধর্মতলায় বিজেপির মেগা সমাবেশ চলছে তখন আবার কেন্দ্রের বিরুদ্ধে বিধানসভায় ধর্নায় বসে তৃণমূল নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্না শেষে সকলের উদ্দেশ্যে জাতীয় সংগীত গাইবার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। অভিযোগ, ঠিক সেই সময়ই ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা।
এই ঘটনার পরেই পরিষদীয় দলের তরফ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, তাপস রায়, শোভনদেব চট্টোপাধ্যায় লিখিতভাবে বিধানসভার স্পিকারের কাছে অভিযোগ জমা দিয়েছিলেন। বিধানসভার রেজিস্টার ঘটনাটি হেয়ার স্ট্রিট থানায় ফরওয়ার্ড করে। সেই প্রেক্ষিতেই বিজেপির ১২ জন বিধায়কের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল পাল্টা বলেছেন, “চোরেদের তো চোরই বলে স্লোগান দেব। কেন্দ্রীয় সরকারের টাকা যারা লুঠ করে, তারা কি সাধু? তাহলে কি তৃণমূল কংগ্রেস বিধানসভায় আমরা কখন প্রতিবাদ করব, কীভাবে প্রতিবাদ করব, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কীভাবে বিধানসভায় সরব হবেন, তা সব বলে দেবে? এটা তো হতে পারে না। তৃণমূল চুরি করতে করতে আমাদের ‘চোর’ স্লোগানটাও চুরি করে নিয়েছে।”




