খবর লাইভ : পুলিশের বিরুদ্ধে সুর চড়ানো তার নিত্যদিনের ঘটনা। এবার তা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, ‘বেশ কিছুদিন ধরে আমার স্বাভাবিক কাজে বাধা দিচ্ছে পুলিশ। কিছুদিন আগে অন্যায়ভাবে কলকাতায় ১৫-২০ মিনিট আটকে রাখা হয়েছিল ট্রাফিক সিগনালে। রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে ইলেভেন্থ আওয়ারে কর্মসূচির পারমিশন বাতিল করছে পুলিশ।’ এই মর্মেই রিট ফাইল করতে শুক্রবার কলকাতা হাইকোর্টে সশরীরে হাজির হন বিরোধী দলনেতা।
শুভেন্দুর সংযোজন, ‘আমি একজন আইন মেনে চলা দায়িত্বশীল নাগরিক। আমি যদি অন্যায় করি নিশ্চয়ই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতেই আমাকে ইচ্ছাকৃতভাবে হেনস্থা করছে পুলিশ।’
আরও পড়ুনঃ ভোট কিনতে টাকা ও মদ বিলোচ্ছে, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক কমলনাথ
তাঁর চাঞ্চল্যকর অভিযোগ, ‘এই মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোতে প্যাকেট বানিয়ে প্রসাদ বিতরণ করেছে সাদা পোশাকের পুলিশ। এটা পুলিশের কাজ নয়। শীঘ্রই সেই ছবি প্রকাশ্যে আনব। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ।’ বিরোধী দলনেতাকে প্রতি পদে পদে ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা হচ্ছে বলেও এদিন তোপ দাগেন শুভেন্দু অধিকারী।




