খবর লাইভ : ফের হুগলির জাঙ্গিপাড়া এলাকায় বেআইনি কাজ নিয়ে সরব বিরোধী রাজনৈতিক দলগুলি। জুয়া, সাট্টা এবং চোলাই মদের কারবারে অতিষ্ঠ জাঙ্গিপাড়া এলাকার সাধারণ মানুষ। বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কোনও কাজ না হওয়ায় সাধারণ মানুষ ইতিমধ্যেই প্রশাসনের শীর্ষ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে চিঠি পাঠিয়েছেন। সাধারণ মানুষের পাশাপাশি বেআইনি সাট্টা, জুয়া ও চোলাই মদের কারবার নিয়ে বিজেপি, সিপিএম, আইএসএফের মতো বিরোধী রাজনৈতিক দলগুলিও সরব হয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলি।
আরও পড়ুনঃ এক নম্বরে শ্রেয়া! গান প্রতি কত উপার্জন জানেন?
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই জাঙ্গিপাড়া থানা এলাকার দিলাকাশের বেশ কিছু এলাকায়, আঁটপুরের কুমোর বাজার, রেনিপোল, রাধানগরের অমরপুর, রামহাটিতলা, রাজবলহাট এলাকায় রমরমিয়ে জুয়া, সাট্টা ও চোলাই মদের মতো মারণ কারবার রমরমিয়ে চলার অভিযোগ রয়েছে। জুয়া ও সাট্টার মতো খেলায় টাকা হেরে বহু মানুষ সর্বশান্ত হয়েছেন। কেউ আবার অবসাদে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। চোলাই মদ খেয়ে বহু মানুষ অতীতে মারা গেছেন সেই উদাহরণ রাজ্যে বহু রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সংগ্রামপুরে চোলাই মদ খেয়ে প্রায় ২০০ জন মারা গেছেন অতীতে। সেই স্মৃতি এখনও দগদগে থাকলেও কোনও শিক্ষা নেয়নি প্রশাসন। এমনটাই অভিযোগ জাঙ্গিপাড়া এলাকার সাধারণ মানুষের।
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘এই সর্বনাশা কাজ বন্ধ করতে আমরা রাজ্যপালের কাছে অভিযোগ জানাবো।’ সিপিএম নেতা রবীন দেব আন্দোলনে নামার হুমকি দিয়েছেন।
আইএসএফ বিধায়ক তথা চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলেন, ‘পুলিশ ভালো কাজ বন্ধ করতে পারে, ভালো লোকেদের গ্রেফতার করে মিথ্যাভাবে ফাঁসিয়ে দিতে পারে আর বেআইনি কাজ বন্ধ করতে অনীহা প্রকাশ করে। আমরা এই বেআইনি কাজ বন্ধ করতে সর্বাত্মক চেষ্টা করব।’
পুলিশ বা প্রশাসনের অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




