Special News Special Reports State

কোতুলপুরে শুভেন্দুর সভার অনুমতির জন্য পুলিশকে আধ ঘণ্টা সময় বেঁধে দিল আদালত

0
(0)

খবর লাইভ : কোতুলপুরে শুভেন্দু অধিকারীদের সভা এবং বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অনুমতি দেওয়ার জন্য আধ ঘণ্টা সময় দেওয়া হল বাঁকুড়ার পুলিশকে। বুধবার কলকাতা হাই কোর্টের নির্দেশ, আধ ঘণ্টার মধ্যে নির্দেশ কার্যকর না হলে পুলিশকে হাজিরা দিতে হবে।

ঘটনার সূত্রপাত, গত বৃহস্পতিবার। আচমকাই কলকাতায় গিয়ে তৃণমূলে যোগ দেন কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। তার পর বিজেপিকে নিয়ে নানা সভায় খড়্গহস্ত তিনি। তাঁর পাল্টা জবাব দিতে কোতুলপুরের মাটিকেই বেছে নিয়েছে বিজেপি। শুরু হয় বিজয়া সম্মিলনী এবং সভার আয়োজন। বুধবার সেখানে শুভেন্দু অধিকারীর থাকার কথা।
মঙ্গলবার বিজেপি নেতৃত্ব জানান, পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু বুধবার বেলা গড়িয়ে গেলেও সেই অনুমতি মেলেনি। অন্য দিকে, মঞ্চ বাঁধার কাজ শেষ হয়ে গিয়েছে। এক-দু’জন করে বিজেপি কর্মীরাও মঞ্চে আসতে শুরু করেছেন। এই অবস্থায় হাই কোর্টের নির্দেশের দিকে তাকিয়ে ছিল বিজেপি।
দুপুরে আদালত পুলিশকে সময় বেঁধে দিল। জানিয়ে দেওয়া হয়, আধ ঘণ্টার মধ্যে অনুমতি না দিলে পুলিশকে ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজিরা দিতে হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দেন, বিচারপতির মন্তব্য, ‘‘কেন অনুমতি নয়, তার ব্যাখ্যা দিতে হবে পুলিশ সুপারকে। না হলে ১০ লাখ টাকা জরিমানা করব।’’
উল্লেখ্য, লোকসভা ভোটের আগে কোতুলপুরের বিধায়কের দলবদলে গেরুয়া শিবিরের মধ্যে অস্বস্তি রয়েছে। তার মধ্যে গত বেশ কিছু দিন ধরে বাঁকুড়ায় গোষ্ঠীকোন্দলের সমস্যায় ভুগছে বিজেপি। তাই এই সভার মাধ্যমে বিজেপির নিচুতলার কর্মীদের বার্তা দিতে চান নেতৃত্ব।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *