খবর লাইভ : বিজেপির সভার দিনক্ষণ চূড়ান্ত হয়নি। কেন্দ্রের শাসকদলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, তৃণমূলের ধর্নামঞ্চে এসে প্রকাশ্য বিতর্কে অংশ নেওয়ার জন্যও আহ্বান জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও।
শনিবার সন্ধ্যায় বক্তৃতা করতে গিয়ে অভিষেক বিজেপি নেতাদের উদ্দেশে বলেন, “আপনারা যে দিন সভা করবেন, কলকাতার যে প্রান্তে করবেন, দু’ঘণ্টার ব্যবধানে বলবেন। আমি সেখানে যাব, তথ্য পরিসংখ্যান দিয়ে মানুষকে বলব, কে সত্য কথা বলছে, আর কে মিথ্যা!”
প্রসঙ্গত, শনিবার কেন্দ্রীয় মন্ত্রী নিরঞ্জন জ্যোতির পাশে বসেই শুভেন্দু জানান, রাজ্যের বহু মানুষ কেন্দ্রীয় সুবিধা পাওয়ার ‘যোগ্য’ হলেও পাননি। পুজোর পর এ রকমই প্রায় এক লক্ষ মানুষকে কলকাতায় নিয়ে আসবেন তিনি। তাঁরা জানাবেন নিজেদের ক্ষোভ। শুভেন্দু এ-ও জানান যে, তিনি চান, ওই মঞ্চে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী। সম্মতি দেন জ্যোতিও।
রাজ্যপালের সঙ্গে দেখা করে কল্যাণ বলেন, ‘‘রাজ্যপালের সঙ্গে যা আলোচনা হয়েছে, তা থেকে দু’টি নির্যাস উঠে এসেছে। এক, তিনি খুব তাড়াতাড়ি কলকাতায় ফিরবেন। দুই, তিনি বলেছেন, বাংলার পাওনা নিয়ে তাঁর যা কথা বলার তিনি বলবেন। কিন্তু এর মধ্যে যদি কোনও রাজনৈতিক বাধা থাকে, তা হলে তিনি কিছু করতে পারবেন না।’’
রাজ্যপাল বোস অভিষেকের ভূয়সী প্রসংশা করেছেন বলেও জানিয়েছেন কল্যাণ। তিনি তরুণ বয়সের মমতা বন্দ্যোপাধ্যায় ও শরদ পওয়ারের রাজনৈতিক মেজাজের সঙ্গে তুলনা করেছেন অভিষেকের।




