
খবর লাইভ : সোমবার রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করল রাজ্য নির্বাচন কমিশন। বৈঠক শেষে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন, ভোটার তালিকা সংশোধন ও চূড়ান্ত তালিকা প্রকাশের দিন স্থির হয়েছে আজ। করোনা বিধি মেনে কী ভাবে ভিড় এড়িয়ে কাজ সম্পন্ন করা যায়, তার ব্যবস্থা করবে কমিশনই।
প্রসঙ্গত, ২০২১ সালে বাংলায় বিধানসভা ভোট। কাজেই প্রস্তুতির জন্য হাতে সময় অনেক কম। তাই এদিন সর্বদল বৈঠকে করে সকলের মতামত জানেত চাইলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। বৈঠক শেষে আরিজ আফতাব জানান, ১৮ নভেম্বর ভোটার তালিকার খসড়া প্রকাশিত হবে। ১৫ ডিসেম্বর পর্যন্ত নাম সংশোধন, নাম তোলা, বাদ দেওয়ার মতো কাজগুলি করা যাবে। আগামী বছর ১৫ জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। ওই তালিকায় যাদের নাম থাকবে, তারাই ভোট দানের সুযোগ পাবেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মোট ৭৮, ৯০০টি বুথের এক জন করে বিএলও থাকবেন। সপ্তাহে দু’দিন করে চলবে সংশোধনের কাজ। কন্টেনমেন্ট জোন এলাকার কথা মাথায় রেখে রাজ্যে ৯৯টি বুথ বাড়ানো হচ্ছে।



