খবর লাইভ : সোমবার বিকেলে বিধানসভা থেকে সরাসরি আলিপুরের বেসরকারি হাসপাতালে অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে যান মুখ্যমন্ত্রী। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথাবার্তা বলেন। বুদ্ধদেবের স্বাস্থ্য সম্পর্কেও খোঁজ নিয়েছেন তিনি।
এরপর হাসপাতালেই মুখ্যমন্ত্রী জানান, বুদ্ধদেব তাঁকে দেখে হাত নেড়েছেন।তিনি বলেন, ‘‘ওঁর জ্ঞান আছে। হাত নাড়লেন। আমার দেখে মনে হল, অনেকটা সুস্থ হয়েছেন। ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে। বাইপ্যাপ চলছে। তবে আমি তো চিকিৎসক নই। এর বেশি কিছু বলতে পারব না।’’
মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানো মেডিকেল বোর্ডের এক চিকিৎসক এর পর বুদ্ধদেবের শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানান। তিনি বলেন, ‘‘সকাল থেকেই ইনভেসিভ ভেন্টিলেশন থেকে ওঁকে বার করে আনার প্রক্রিয়া চলছিল। একটু আগে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে।’’চিকিৎসক আরও জানান, বর্তমানে বুদ্ধদেবকে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে ফিরিয়ে আনা হয়েছে। সর্ব ক্ষণ তাঁকে নজরে রেখেছে মেডিক্যাল বোর্ড। ঘণ্টায় ঘণ্টায় বুদ্ধদেবের স্বাস্থ্য সংক্রান্ত প্যারামিটারগুলি যাচাই করা হচ্ছে। এখনও পর্যন্ত যা রিপোর্ট দেখছি, তাতে আমরা খুশি। যদিও আগামী ২৪ ঘণ্টা ওঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা আশা করছি, উনি পারবেন।
আরও পড়ুনঃ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে বদল, হতে পারে ১৪ অক্টোবর
সোমবার সকালে সিটি স্ক্যান করা হয়েছিল। তার পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভেন্টিলেশন থেকে বার করে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
গত শনিবার দুপুরে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে তীব্র শ্বাসকষ্ট নিয়ে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে চিকিৎসকদের দাবি আগের তুলনায় অনেকটাই ভালো রয়েছেন তিনি। শরীরে কমেছে ক্রিয়েটিনিনের মাত্রাও। চিকিৎসকদের ডাকে ইশারায় হ্যাঁ বা না বোঝানোর চেষ্টা করছেন তিনি। এদিকে সোমবার সকালে বুদ্ধদেবের ব্লাড প্রেসার স্বাভাবিক রয়েছে বলে হাসপাতালের মেডিক্যাল বোর্ড সূত্রে খবর। বর্তমানে তাঁকে বাইপ্যাপ সাপোর্টে রাখাহ্যেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেমন আছেন শনিবারই ফোনে খোঁজখবর নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর সোমবার নিজেই উপস্থিত হন হাসপাতালে।




