Special News State

হৃদযন্ত্র ভাল কাজ করছে, এখনও সঙ্কটজনক বুদ্ধদেবকে থাকতে হবে ভেন্টিলেশনেই

0
(0)

খবর লাইভ : হাসপাতালে ভর্তির প্রায় ২৪ ঘণ্টা পার।সম্পূর্ণ ভেন্টিলেশনে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রবিবার সকালে আলিপুরের বেসরকারি হাসপাতালের তরফ থেকে মেডিক্যাল বোর্ডের অন্যতম সদস্য কৌশিক চক্রবর্তী জানিয়েছেন, শনিবার সন্ধ্যা থেকে বুদ্ধদেবের অ্যান্টিবায়োটিকের ডোজ পরিবর্তন করা হয়েছে। সেই ওষুধে কেমন কাজ হচ্ছে জানতে ২৪ থেকে ৩৬ ঘণ্টা অপেক্ষা করা হবে। তবে রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর সিটি স্ক্যান করানোর পরিকল্পনা বাতিল করা হয়েছে।

আজ সকালে বুদ্ধদেবকে দেখে গিয়েছেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল। ইকো কার্ডিয়োগ্রাম করিয়েছেন চিকিৎসক ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। তার রিপোর্ট ভাল বলে জানা গিয়েছে। চিকিৎসক কৌশিক বলেন, বুদ্ধদেববাবুর ‘কার্ডিয়াক ফাংশন’ বেশ ভাল। তাই ফুসফুসের অবস্থা খারাপ থাকলেও উনি লড়ে যাচ্ছেন। শরীরে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ইনসুলিন দেওয়া হচ্ছে। রাইলস টিউবের মাধ্যমে তাঁকে খাবার দেওয়া হচ্ছে। কোনও সমস্যা ছাড়াই তাঁর খাদ্যনালী দিয়ে খাবার শরীরে ঢুকছে। এটা ভাল লক্ষণ।

আরও পড়ুনঃ ৬ উইকেটে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ
তবে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আপাতত সিটি স্ক্যান করানো হচ্ছে না।২৪ থেকে ৩৬ ঘণ্টা সময় নজরে রাখা হবে। এই সময়ের মধ্যে তিনি স্থিতিশীল হতে পারেন। তার পর প্রয়োজন বুঝে সিটি স্ক্যান করা হবে।পরিস্থিতি যেমন আশা করা হচ্ছে, তেমন থাকলে তাঁকে আগামিদিনে ভেন্টিলেশন সাপোর্ট ক্রমশ কমিয়ে সেখান থেকে বার করার চেষ্টা করা হবে।

বুদ্ধদেবের চিকিৎসার দায়িত্বে থাকা কৌশিক আরও জানিয়েছেন, সিডেশন কমিয়ে দেওয়ার ফলে উনি কানে শুনতে পাচ্ছেন। বুঝতে পারছেন, আশপাশটা অনুভব করতে পারছেন। আমরা ডাকলে উনি তাকাচ্ছেন, মাথা নাড়ছেন। কখনও কখনও ইশারায় ‘হ্যাঁ’ বা ‘না’ বোঝানোরও চেষ্টা করছেন। বুদ্ধদেবের ব্লাডগ্যাসের মাত্রা ধারাবাহিক ভাবে মাপা হচ্ছে বলেও জানিয়েছেন চিকিৎসক। তিনি জানিয়েছেন, ব্লাডগ্যাসের মাত্রা ৫০-এর মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে। তবে তিনি এখনই বিপন্মুক্ত নন। বরং সঙ্কটজনকই রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা।
এদিন সকালে হাসপাতালে বাবাকে দেখতে হাজির হন তাঁর একমাত্র সন্তান সুচেতন। প্রাক্তন সতীর্থের খোঁজ নিতে আলিপুরের বেসরকারি হাসপাতালে যান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। মেডিক্যাল বোর্ডের বৈঠকে হাজির ছিলেন সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, কাল রাতের থেকে অবস্থার উন্নতি হয়েছে। সেন্স এসেছে। ডাকলে সাড়া দিচ্ছেন। সংক্রমণের যা উপসর্গ ছিল, তা কমেছে। হাসপাতালে এসে বুদ্ধদেবের খোঁজ নিয়েছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি, সিপিএম নেতা রবীন দেব, সুজন চক্রবর্তী, কংগ্রেসের কৃষ্ণা দেবনাথ, শুভঙ্কর সরকার প্রমুখ।সবমিলিয়ে যা পরিস্থিতি, সঙ্কটজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *