খবর লাইভ : টেস্ট ক্রিকেটে পাঁচ উইকেট অনেকবার নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আবারও নেবেন। কিন্তু ডোমিনিকার উইন্ডসর পার্কে কেরিয়ারের ৩৩তম পাঁচ উইকেটের তাৎপর্যই আলাদা। এ যেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে না খেলানোর নিঃশব্দ জবাব। টেস্টের প্রথম দিন, ভারতের ঘূর্ণি পিচ ছাড়া স্পিনার পাঁচ উইকেট নিচ্ছে এমন বড় একটা দেখা যায় না। তাঁর স্পিনের জালেই ১৫০ রানে আবদ্ধ হয়ে গেল ব্রাথওয়েটদের ইনিংস।
বুধবার অশ্বিনের বলে বোল্ড হন ত্যাগনারাইন চন্দ্রপল। সেটাই ছিল এ দিনের প্রথম উইকেট। ১২.৫ ওভারে সেই উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় বোলার হিসাবে একটি বিরল রেকর্ড গড়লেন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটার শিবনারাইন চন্দ্রপলকে আউট করেছিলেন তিনি। বুধবার নিলেন সেই শিবনারাইনের ছেলের উইকেট। ত্যাগনারাইনকে আউট করার সঙ্গে সঙ্গে অশ্বিন ভারতের প্রথম এবং বিশ্বের পঞ্চম বোলার হিসাবে এই কীর্তি গড়লেন। উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে শিবনারাইনকে চার বার আউট করেছেন অশ্বিন। ইংল্যান্ডের ইয়ান বথাম, পাকিস্তানের ওয়াসিম আক্রম, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং দক্ষিণ আফ্রিকার সিমন হার্মারের এই কৃতিত্ব রয়েছে।
আরও পড়ুনঃ ব্রাজিলের নতুন রোনাল্ডো সাত বছরের চুক্তিতে বার্সেলোনায়!
অশ্বিন এ দিন ৩৩তম বার টেস্টের একটি ইনিংস পাঁচ উইকেট নিলেন। ভারতের হয়ে সব ধরনের ক্রিকেট মিলিয়ে ৭০২টি উইকেট নিলেন তিনি। অশ্বিনের সামনে সুযোগ রয়েছে হরভজন সিংহকে টপকে যাওয়ার। হরভজন ভারতের জার্সিতে সব ধরনের ক্রিকেট মিলিয়ে নিয়েছিলেন ৭১১টি উইকেট। আর ১০টি উইকেট নিলেই ভাজ্জিকে টপকে যাবেন অশ্বিন। তবে এই তালিকায় শীর্ষে থাকা অনিল কুম্বলেকে টপকানো বেশ কঠিন। কুম্বলে ভারতের হয়ে নিয়েছেন ৯৫৬টি উইকেট। সেই রেকর্ড ভাঙতে হলে অশ্বিনকে আরও ২৫৫টি উইকেট নিতে হবে। ৩৬ বছরের অশ্বিন এখন শুধু টেস্ট খেলেন্ন ভারতের হয়ে। তাঁর পক্ষে এই সংখ্যা টপকে যাওয়া কঠিন।




