খবর লাইভ : ব্যালট বাক্স ভাঙচুর, লুঠ-সহ একাধিক অনিয়মের অভিযোগে রাজ্যের ১৯ জেলার ৬৯৬টি বুথে আগামিকাল সোমবার পুনর্নির্বাচন হবে। অভিযোগ খতিয়ে দেখার পরে রবিবার রাতে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। সেই সঙ্গে যে সব বুথে পুনর্নির্বাচন হবে সেখানকার নিরাপত্তার দায়িত্ব সামলাবে কেন্দ্রীয় বাহিনী। প্রতি বুথ পাহারার দায়িত্বে থাকবে হাফ সেকশন অর্থাৎ চার আধা সেনা জওয়ান। যদিও রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তে খুশি নয় বিজেপি-সহ বিরোধী দলগুলি।
শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যের একাধিক জেলায় বেশ কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটেছিল। গণপ্রতিরোধের নামে ব্যালট বাক্স লুঠ থেকে অবাধ ছাপ্পায় মেতে উঠেছিল বিরোধীরা। বল্গাহীন ছাপ্পায় বাধা পেয়ে ব্যালট বাক্স জলেও ফেলে দিয়েছিল। গণতন্ত্রের অন্যতম উৎসব কলুষিত করার কোনও চেষ্টাই বাদ রাখেনি ফের নখদাঁত বের করে হাজির হওয়া তথাকথিত লালবাহিনীর হার্মাদরা। স্যাঙাত হিসেবে যোগ্য সঙ্গত করেছিল গেরুয়া গুন্ডারাও। যদিও বিরোধী শিবিরের পক্ষ থেকে ভোট লুঠ আর অবাধ সন্ত্রাসের দায় ছাপানো হয়েছে রাজ্যের সাসকদল তৃণমূল কংগ্রেসের কাঁধে। ভোটের দিনেই একাধিক বুথে অনিয়মের অভিযোগ জমা পড়েছিল নির্বাচন কমিশনের কাছে।
আরও পড়ুনঃ কানাডা ওপেনের ফাইনালে লক্ষ্য, ব্যর্থ সিন্ধু
রবিবার জেলাশাসকদের ওই অনিয়ম খতিয়ে দেখে কোথায়-কোথায় পুনর্নির্বাচন প্রয়োজন তার রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছিলেন রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা। সেই রিপোর্ট আসার পরেই সব কিছু খতিয়ে দেখে সোমবার ৬৯৭ বুথে ফের পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। সবচেয়ে বেশি পুনর্নির্বাচন হচ্ছে মুর্শিদাবাদে। সেখানে মোট ১৭৫টি বুথে ফের ভোট নেওয়া হবে। মালদহের ১১০টি বুথেও ফের ভোটগ্রহণ হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং, কালিম্পঙ ও ঝাড়গ্রাম ছাড়া রাজ্যের বাকি সব জেলায় পুনর্নির্বাচন হবে। শনিবারের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য প্রতি বুথে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।




