খবর লাইভ : ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিল সিবিআই৷ এ দিন সকালেই নোটিশ পেয়েছেন সিবিআই৷ আগামিকাল সকাল এগারোটায় তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলেছে সিবিআই৷
এই মুহূর্তে নবজোয়ার যাত্রায় বাঁকুড়া জেলায় রয়েছেন অভিষেক৷ সিবিআই নোটিসের কথা নিজেই এ দিন সাংবাদিকদের জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ তিনি আরও জানিয়েছেন, সিবিআই দফতরে হাজিরা দেওয়ার জন্য নবজোয়ার যাত্রা স্থগিত রেখে আজ রাতেই কলকাতায় ফিরছেন তিনি৷ কারণ কাল সকালে নবজোয়ার যাত্রার কর্মসূচি ছেড়ে তাঁর পক্ষে সকাল এগারোটার মধ্যে সিবিআই দফতরে পৌঁছন সম্ভব নয়৷ আগামী ২১ মে পর্যন্ত নবজোয়ার যাত্রা স্থগিত থাকছে৷
সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে কুন্তল ঘোষের চিঠির মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ওই মামলার সূত্রেই অভিষেককে ডেকে পাঠানো হয়েছে বলে খবর। সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে অবশ্য ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন অভিষেক৷




