খবর লাইভ : রাষ্ট্রীয় লোকদল (আরএলডি) এবং ভারতীয় কিসান ইউনিয়ন (টিকায়েতপন্থী) কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে অবিলম্বে ব্রিজভূষণকে গ্রেফতারির দাবি তুলেছে। তারা দিল্লি পুলিশকে এক সপ্তাহ সময় দিয়েছেন। তার মধ্যে বিজেপি সাংসদ ব্রিজভূষণকে গ্রেফতার করা না হলে দিল্লি অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাকেশ টিকায়েতরা। রবিবার কৃষক প্রতিনিধিরা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দিল্লি পুলিশের কমিশনারের সঙ্গে দেখা করে বিজেপি সাংসদের গ্রেফতারির দাবি জানাবেন।
আরও পড়ুনঃ আরসিবিকে ৭ উইকেটে হারাল দিল্লি, দুরন্ত ইনিংস সল্টের
উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব এবং হরিয়ানা থেকে হাজার হাজার কৃষক রওনা দিয়েছেন দিল্লি অভিমুখে। যন্তর মন্তরে ধর্নারত জাতীয় স্তরের কুস্তিগীরদের পাশে দাঁড়াবেন তাঁরা। আর সেই কারণে যন্তর মন্তর-সহ গোটা রাজধানী দিল্লিকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে দিল্লি পুলিশ। বিজেপি সাংসদ তথা জাতীয় কুস্তি সংস্থার সর্বেসর্বা ব্রিজভূষণ শরণ সিংহের গ্রেফতারির দাবিতে এখনও অনড় ভারতের সর্বকালের অন্যতম সেরা কুস্তিগীররা। এ বার দেশের কৃষকরাও একই দাবির শরিক হলেন। শুধু তাই নয়, রবিবার যন্তর মন্তরে মহাপঞ্চায়েতের আসর থেকেও একই দাবি উঠতে চলেছে।




