খবর লাইভ : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা হলেন শিশির অধিকারী (Sisir Adhikari), যিনি এখনো পর্যন্ত তৃণমূলের সাংসদ বলেই পরিচিত। কিন্তু সেই শিশির অধিকারীকে এবার দুর্গাপুজোর উদ্বোধনে দেখা গেল বিজেপির মঞ্চে। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যখন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন, তারপর থেকেই শিশির অধিকারীও তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াতে থাকেন।
আরও পড়ুনঃ গ্রুপ-সি নিয়োগ মামলায় প্রথম চার্জশিটে পার্থ-সহ 16 জনের নাম
চতুর্থীর সন্ধায় কাঁথির নান্দনিক ক্লাবের পুজো উদ্বোধনে একদিকে উপস্থিত ছিলেন অভিনেতা এবং বিজেপির অন্যতম বিশিষ্ট নেতা রুদ্রনীল ঘোষ। তাঁর সাথে ছিলেন খড়্গপুরের বিজেপির বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এবং এই একই মঞ্চে দেখা গেল তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে। আর এই নিয়ে তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে তীব্র কটাক্ষ। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, শিশির অধিকারী মনেপ্রাণে দীর্ঘদিন ধরেই বিজেপি। আর তাই তাঁর সাংসদ পদ খারিজের দাবিতে তৃণমূল সরব হয়েছে।
অন্যদিকে তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার চেয়ারম্যান অভিজিৎ দাসও কুণাল ঘোষের সুরেই কথা বলেন। তিনি বলেন, তৃণমূলের টিকিটে জিতে শিশির অধিকারী সাংসদ হলেও বরাবরই তিনি বিজেপি ঘনিষ্ঠ বলে দাবী করেন তিনি। চতুর্থীর দৃশ্য প্রমাণ করল শিশির অধিকারী বিজেপির ঘরের লোক। তবে বিজেপির তরফ থেকে এই নিয়ে বিশেষ কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, দুর্গাপুজোর সময় সমস্ত ব্যবধান ভুলে গিয়ে সবাই একাত্ম হয়ে মন্ডপে যান।
পালটা তিনি তৃণমূলকে বিভাজনের রাজনীতি করছে বলে অভিযুক্ত করেন। সব মিলিয়ে উৎসবের মরসুমে বিজেপির মঞ্চে তৃণমূল সাংসদকে দেখার পর স্বাভাবিকভাবেই এই নিয়ে দুই শিবিরের মধ্যে যে চাপানউতোর বাড়বে, তা নিঃসন্দেহে বলা যায়।




