খবর লাইভ : আড়াই বছরের সন্তানের সামনেই মাকে গুলি করল দুষ্কৃতীরা। গাড়ির ডিকিতে ভরে স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলেন স্বামী। ঘটনাটি বাগনান রাজাপুর থানার পিরতলার কাছে মুম্বাই রোডে। জানা যাচ্ছে, ঝাড়খন্ড থেকে কলকাতা আসছিলেন প্রকাশকুমার ঝাঁ ও তাঁর পরিবার।
অভিযোগ গাড়ি মহিষবেথা ব্রিজে পৌঁছালে গাড়ি দাঁড় করিয়ে প্রাতঃকৃত করতে যান প্রকাশকুমার ঝাঁ। আর সেই সুযোগেই সশস্ত্র অস্ত্র নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। মহিলার সঙ্গে থাকা ব্যাগ, টাকা পয়সা ছিনতাইয়ের চেষ্টা করে তারা। এরপরই আড়াই বছরের শিশু কন্যার সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মীনাকে গুলি করে দুষ্কৃতীরা। গুলির শব্দ শুনে ছুটে আসেন প্রকাশ, যদিও ততক্ষণে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। রক্তাক্ত স্ত্রীকে গাড়ির ডিকিতে তুলে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে আসেন প্রকাশ। যদিও পথেই মৃত্যু হয় মহিলার। ঘটনার তদন্ত শুরু করেছে বাগনান থানার পুলিশ।
জানা গিয়েছে মৃতা ঝাড়খন্ডের নামী অভিনেত্রী। তার স্বামী প্রকাশ ছবির পরিচালক।প্রকাশকুমারকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে জিঞ্গাসাবাদ করছে পুলিশ।শুধুই ছিনতাইয়ের জন্য খুন , নাকি পরিকল্পিতভাবে খুন করা হয়েছে সেটাই জানার চেষ্টা করছে পুলিশ।




