games Special News Special Reports

সূর্যকুমারের শতরানেও বাঁচল না ম্যাচ, সিরিজ জিতল ভারত

0
(0)

খবর লাইভ : সূর্যের তেজ দেখে মনে হয়েছিল ট্রেন্টব্রিজে ‘সূর্যোদয়’ হবে। সূর্যকুমারের শতরান ভারতীয়দের মনে আশা জাগালেও শেষপর্যন্ত ১৭ রানে হেরে গেলেন রোহিতরা। ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার স্বপ্ন অধরা। একইসঙ্গে রোহিতের ছোঁয়া হল না রিকি পন্টিংকে। টানা ১৯ ম্যাচ জয়ের পর বিশতম ম্যাচে হার রোহিতের ভারতের। অধিনায়ক হওয়ার পর এই প্রথম হার। তবে এদিন হারলেও প্রথম দুই ম্যাচ জেতায় সিরিজ ২-১ এ জিতল ভারত। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৫ রান তোলে ইংল্যান্ড। ৯ উইকেটের বিনিময়ে ২০ ওভারে ১৯৮ রানে থেমে যায় টিম ইন্ডিয়া। অনবদ্য সূর্যকুমার। নিশ্চিত হার থেকে একার হাতে ভারতকে প্রায় জয়ের সরণিতে নিয়ে এসেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। ৫৫ বলে ১১৭ রানের দুর্ধর্ষ ইনিংসে খেলেন সূর্য। তাতে রয়েছে ১৪টি চার এবং ৬টি ছয়। অন্যদিকে আরও একটি ব্যর্থতার দিন বিরাট কোহলির। মাত্র ১১ রান করে আউট হন।

এদিন আর কোনও ভুল করেননি বাটলার। টসে জিতে ব্যাটিং নেন। কিন্তু তাঁর ব্যর্থতা অব্যাহত। প্রথম দুটো ম্যাচে ভুবনেশ্বরের সুইংয়ে পরাস্ত হয়েছিলেন। এদিন ভুবি ছিল না। কিন্তু আবেশ খানের বলে বোল্ড বাটলার। মাত্র ১৮ রানে ফিরে যান। সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়ক হওয়ার পর তিন ম্যাচেই ব্যর্থ। ০, ৪, ১৮ করেন বাটলার। উইকেটের অন্য প্রান্তে জেসন রয় শুরুটা ভাল করলেও উমরানের বলে ২৭ রানে ফিরে যান। টি-২০ সিরিজ জিতে যাওয়ার এদিন ভারতীয় দলে চারটে পরিবর্তন হয়েছিল। তিন প্রধান বোলার বুমরা, ভুবনেশ্বর এবং চাহালকে বিশ্রাম দেওয়া হয়। তাঁদের বদলে সুযোগ পান উমরান মালিক, আবেশ খান এবং রবি বিষ্ণোই। হার্দিক পাণ্ডিয়ার বদলে খেলেন শ্রেয়স আইয়ার।
পাওয়ার প্লের শেষে ১ উইকেট হারিয়ে ইংল্যান্ডের স্কোর ছিল ৫২। জেসন রয় ফিরে যাওয়ার পর দলের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন ডেভিড মালান এবং লিয়াম লিভিংস্টোন। বিশেষ করে মালান দারুণ ছন্দে ছিলেন। ৩৯ বলে ৭৭ রানের ইনিংস খেলেন। তাতে রয়েছে ৬টি চার, ৫টি ছক্কা। চতুর্থ উইকেটে ৮৪ রান যোগ করে এই জুটি। প্রথম বলেই শূন্যতে ফিরে যান মঈন আলি। বাকি কাজটা সারেন লিভিংস্টোন। ৪২ রানে অপরাজিত থাকেন। শেষদিকে গুরুত্বপূর্ণ ১৯ রান যোগ করেন ব্রুক। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৫ রান তোলে ইংল্যান্ড। পাল্টা ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত।
দলের ২ রানের মাথায় আউট হন ঋষভ পন্থ (১)। ব্যর্থ রোহিত শর্মা (১১), বিরাট কোহলিও (১১)। মাত্র ৩১ রানে দলের তিন তারকা ক্রিকেটারকে হারিয়ে প্রচণ্ড সমস্যায় পড়ে গিয়েছিল ভারত। এই জায়গা থেকে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন সূর্যকুমার। শ্রেয়সের সঙ্গে জুটি বেঁধে চতুর্থ উইকেটে ১১৯ রান যোগ করেন। পার্টনারশিপের সিংহভাগ রানই সূর্যর। ২৮ রান করে শ্রেয়স আউট হন। দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, হর্ষল প্যাটেলরা কেউ দুই অক্ষরের রানে পৌঁছতে পারেনি। একাই লড়াই চালিয়ে যান সুর্য। তিনি আউট হতেই শেষ ভারতের আশা। তবে দুরন্ত সেঞ্চুরিতে রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, দীপক হুডাদের সঙ্গে টি-২০ তে শতরানের ক্লাবে ঢুকে পড়লেন সূর্যকুমার যাদব।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *