খবর লাইভ : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে বিশ্বকাপের বিশ্বযুদ্ধ। সোনার কাপ দখলের লড়াইয়ে একই অন্যকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বিশ্বসেরা ফুটবলাররা। এসবের মাঝেই এই বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে রবিবারের ১৮ তে পা দিতে চলেছেন ইউসুফা মৌকোকো । জার্মানির জার্সি গায়ে এই ফুটবলারকে দেখা যাবে কাতার বিশ্বকাপে। তার জীবনের রোল মডেল হলেন লিওনেল মেসি। ২০০৪ সালের ২০ নভেম্বর ক্যামেরুনে জন্ম হলেও জার্মান নাগরিক তিনি। খেলেনও জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে। রবিবার মরুদেশে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দিনই তিনি ১৮ তে পা দিতে চলেছেন।
মাত্র ১৬ বছরেই বুন্দেশলিগায় অভিষেক হয়েছিল ইউসুফা মৌকোকোর। বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে এবার কাতার বিশ্বকাপে জার্মানির হয়ে মাঠে নামতে চলেছেন তিনি। তবে এই বিশ্বকাপের সর্বকনিষ্ঠ ফুটবলার হলেও, বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার নন তিনি। সেই রেকর্ড আয়ারল্যান্ডের নর্ম্যান হুইটসাইডের দখলে। তিনি মাত্র ১৭ বছর ৪১ দিন বয়সে বিশ্বকাপে খেলেছিলেন। তবে ১৮ বছরের মৌকোকোর পায়ের দাপট দেখতে এবার মরিয়া জার্মানরা। সবুজ মাঠে পায়ের লড়াইয়ে এই বিশ্বকাপের সর্বকনিষ্ঠ ফুটবলার প্রতিপক্ষের থেকে জয় ছিনিয়ে আনতে পারেন কিনা, এখন সেটাই দেখার অপেক্ষা।




