খবর লাইভ : এক সপ্তাহও কাটেনি। তার মধ্যে দু বার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। শনিবার রাত ৮টায় দিল্লিতে কম্পন অনুভূত হয়। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে আতঙ্কে বাসিন্দারা বাড়ির বাইরে বের হয়ে আসেন। এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।
তবে একই সপ্তাহে দু বার ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়ায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে রাজধানীতে।
গত মঙ্গলবারও ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি। সেই ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপাল হলেও দিল্লিতেও এর কম্পন অনুভূত হয়। ভারতে কোনও ক্ষতি না হলেও, নেপালে সেই ভূমিকম্পে মৃত্যু হয়েছে ৬ জনের। আহত হয়েছে ৮ জন।
শনিবারের ভূমিকম্পে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর না মিললেও এর কম্পনের মাত্রা ভালোই টের পেয়েছেন সাধারণ মানুষ।
জানা গিয়েছে, অন্তত ৫ সেকেন্ড টানা কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৪।
এই ভূমিকম্পের কেন্দ্রস্থলও নেপালে। এদিন ভূমিকম্পের ফলে শুধুমাত্র দিল্লিতে নয়। নয়ডা, গুরগাঁওয়ের মতো শহরগুলিতে কম্পনের টের পাওয়া যায়। একই সপ্তাহে পর পর দু’বার ভূমিকম্পের জেরে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে রাজধানীর সাধারণ মানুষের মধ্যে।




