খবর লাইভ : এসএসসি দুর্নীতি কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতির মধ্যেই এবার রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালই ফোনে কথা বলেন অভিষেক।
আরও পড়ুনঃ গবেষণাপত্রটিও পার্থ নিজে লেখেননি !
এসএসসি আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে তিনি যে দেখা করবেন এবং তাঁদের সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করবেন, গতকাল সন্ধ্যাতেই তা স্পষ্ট করে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ তৃণমূল সূত্রে খবর, নিজের ক্যামাক স্ট্রিটের দফতরেই আন্দোলনকারীদের সঙ্গে দেখা করবেন ডায়মন্ড হারবারের সাংসদ। বিকেল সাড়ে তিনটে নাগাদ সেই সাক্ষাৎ হওয়ার কথা। শহিদুল্লাহ নামে আন্দোলনকারী দলের এক প্রতিনিধির সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের দফতরের সঙ্গে ফোনে কথা হওয়ার বিষয়টি স্বীকার করে তিনি জানিয়েছেন , ‘‘আমাদের দীর্ঘদিনের দাবি কী তা নিশ্চয়ই উনি শুনেছেন। আমরা চাই যোগ্য প্রার্থীরা যাতে সকলেই চাকরি পান। আমরা আশাবাদী ওঁর সঙ্গে মুখোমুখি সাক্ষাতে সেই সমস্যার সমাধান হবে।’’




