খবর লাইভ : শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর কি এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজর পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের দিকে? আর এরকমই বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তরপাড়ায় মেট্রো কোচ ফ্যাক্টরির উদ্বোধন করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মঞ্চতেও অবধারিতভাবে উঠে আসে পার্থ চ্যাটার্জি গ্রেফতারি প্রসঙ্গ। আর তাই নিয়ে মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ফিরহাদ হাকিমের বাড়ির সামনে সকাল থেকে একটি দল ঘুরে বেড়াচ্ছে। তাঁরা আশেপাশের লোকজনের কাছ থেকে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বাড়ির ঠিকানা যোগাড় করার চেষ্টা চালাচ্ছে। কার্যত মুখ্যমন্ত্রী এরপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান নিয়ে তীব্র কটাক্ষ করেন। খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে শুরু হয়ে গিয়েছে চাপানউতোর। প্রসঙ্গত, রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের নাম কিন্তু ইতিমধ্যেই জড়িয়েছে নারদা কাণ্ডে। সিবিআই ফিরহাদ হাকিম সহ আরও চারজনকে গ্রেফতারও করেছিল বিধানসভা নির্বাচনের পরে। আর তাই প্রশ্ন উঠছে, পার্থ চট্টোপাধ্যায়ের পরে কি এবার তল্লাশি চলবে ফিরহাদ হাকিমের বাড়িতে?




