খবর লাইভ : প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য ও তাঁর পরিবারের সম্পত্তির হিসেব চাইল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, ৫ জুলাইয়ের মধ্যে মানিক ভট্টাচার্যকে তাঁর নিজের সম্পত্তি ছাড়াও, স্ত্রী এবং ছেলে-মেয়ের বিয়ের আগের সম্পত্তির হিসেব হলফনামার মাধ্যমে জমা দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৫ জুলাই।
এদিন বিচারপতি মানিকের কাছে জানতে চান, কতদিনের মধ্যে সম্পত্তির হিসেব জমা দিতে পারবেন। এর উত্তরে মানিক বলেন, আমি নির্বাচন কমিশনে সম্পত্তির হিসেব জমা করেছি। সেখানকার থেকে কপি নিয়ে আমি তাড়াতাড়ি জমা করতে পারব। মানিকের সম্পত্তির মৌখিক হিসেবও নেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
একই সঙ্গে আদালত জানিয়ে দেয়, মঙ্গলবার বেলা ২টোয় মানিককে আদালতে হাজির হয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। এদিন নির্ধারিত সময়েই আদালতে হাজিরা দেন মানিক। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যানের কাছ থেকে বিচারপতি শিক্ষাগত যোগ্যতা, পেশা, বাড়ি-ঘর, সম্পত্তি সংক্রান্ত তথ্য জানতে চান। দ্বিতীয় নিয়োগ তালিকা প্রসঙ্গে জানতে চাইলে মানিক বলেন, শিক্ষার অধিকার আইনে নিয়োগের দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয়।




