খবর লাইভ : প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে ৬ সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করল সিবিআই৷ । ১৭ জুনের মধ্যে নাম জানানোর নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ মেনে শুক্রবার হাইকোর্টে ৬ সদস্যের অফিসারের নাম জমা দিয়ে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ ছয় আধিকারিককে নিয়ে একটি সিট গঠন করা হয়েছে। তদন্তকারী দলের মাথায় রয়েছেন এসপি পদমর্যাদার একজন অফিসার। দলে থাকছেন এক জন পুলিশ সুপার, দু’জন ডিএসপি এবং বাকিরা ইনস্পেক্টর পদমর্যাদার। সিট-এর নজরদারির দায়িত্বে থাকবেন নিজাম প্যালেসের সিবিআই দফতরের স্টেশন হেড রাজীব মিশ্র৷
কিন্তু সেই সিটের মাথায় কেন যুগ্ম অধিকর্তা পর্যায়ের অফিসার রাখা হল না, তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, এই মামলায় যুগ্ম অধিকর্তার নেতৃত্ব দিতে কী অসুবিধা রয়েছে? পরে অবশ্য আদালত নির্দেশ দিয়েছে, দিল্লি থেকে আসা সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা এন বেণুগোপালকে এই তদন্তে নজরদারি এবং তদারকি করতে হবে।




