খবর লাইভ : কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে আগেই। মেখলিগঞ্জ ইন্দিরা হাইস্কুলের রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষিকা পদ থেকে চাকরি যায়। হাইকোর্টের নির্দেশ ছিল দু’বছর ধরে নেওয়া বেতনও ফেরত দিতে হবে। এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী বেতনের প্রথম কিস্তির টাকা ফিরিয়ে দিলেন। প্রথম কিস্তির ৭ লক্ষ ৯৪ হাজার টাকা জমা দিয়েছেন অঙ্কিতা।
আরও পড়ুনঃ ২১ জুলাইয়ের নাম করে কোনও টাকা তোলা যাবে না: অভিষেক
হাইকোর্টের নির্দেশের পরই পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বেতন বন্ধ হয়ে যায়। পরিচালন সমিতির বৈঠকে তাঁর বেতন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এসএসসি দুর্নীতি মামলায় অঙ্কিতাকে বরখাস্ত ও বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। বেতন হিসেবে নেওয়া ৪১ মাস পূর্ণ এবং ২ আংশিক মাসের বেতন ফিরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছিল অঙ্কিতাকে। দুই কিস্তিতে টাকা ফেরানোর নির্দেশ রয়েছে হাইকোর্টের।
প্রথম কিস্তির প্রায় ৮ লক্ষের কাছাকাছি টাকা হাই কোর্ট রেজিস্ট্রার জেনারেল কাছে জমা দিয়েছেন অঙ্কিতা অধিকারী। ৬ জুন প্রথম কিস্তির টাকা জমা দিয়েছেন মন্ত্রী-কন্যা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে প্রথম কিস্তির টাকা জমা দেওয়ার কথা জানিয়েছেন, পরেশ অধিকারীর আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য্য।




