খবর লাইভ : ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে হাওড়া। তবু প্রশাসন কোনও ঝুঁকি নিতে নারাজ। যদিও জেলার স্পর্শকাতর এলাকায় রুট মার্চ চলছে এবং রয়েছে পুলিশ পিকেটও। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সব ঠিকঠাক থাকলে সোমবার থেকেই হাওড়া জুড়ে ইন্টারনেট পরিষেবা ফের চালু করা হবে।
এদিন হাওড়া জেলায় কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রবিবারই দায়িত্বে এসেছেন হাওড়া (সিটি)-র পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী। তিনি বলেন, ‘‘হাওড়ার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আজ জেলার কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই।’’ একই দাবি করেছেন হাওড়া (গ্রামীণ)-এর পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া। শনিবারই তাঁদের এই পদে বদলির নির্দেশ দিয়েছিল নবান্ন। রবিবার তাঁরা দায়িত্ব গ্রহণ করেন।




