State

ঘাসফুলে কাঁটা ফোটালেন তাবাসসুম, প্রশিক্ষণ ছাড়াই দিলেন ভ্যাকসিন

0
(0)

খবর লাইভ : নিজের হাতেই এক মহিলাকে টিকা দিলেন আসানসোল পুরসভার বিদায়ী ডেপুটি মেয়র তথা বর্তমানে প্রশাসকমণ্ডলীর সদস্য তাবাসসুম আরা। যা নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। বিষয়টি নিয়ে শোরগোল পড়তেই তোপ দাগেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। নিন্দার ঝড় উঠেছে তৃণমূলেও। যদিও সচেতনতা বাড়াতেই তাঁর এমন পদক্ষেপ বলে সাফাই তাবাসসুমের।

শনিবার পশ্চিম বর্ধমান জেলার কুলটির সীতারামপুরের চবকা এলাকায় একটি টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে হাজির হয়েছিলেন তৃণমূল নেত্রী তাবাসসুম আরা। বাবুল সুপ্রিয় যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন, তাতে দেখা যাচ্ছে ওই টিকাকরণ শিবিরে রয়েছেন চিকিৎসক। তা সত্ত্বেও একজন নার্স তাবাসসুমের হাতে একটি টিকা ভর্তি সিরিঞ্জ তুলে দেন। এরপর সেই সিরিঞ্জ দিয়ে রুবিয়া মাহাতো নামে এক মহিলাকে টিকা দেন আসানসোলের বিদায়ী ডেপুটি মেয়র। এরপরই নিন্দার ঝড় ওঠে। রুবিয়া জানিয়েছেন, আমাকে যিনি টিকা দিয়েছিলেন, তিনি নার্স নন। যদিও আমার অসুবিধা তেমন হয়নি। কিন্তু আসানসোল পুরসভার স্বাস্থ্য আধিকারিক দীপক গঙ্গোপাধ্যায়ের কথায়, ‘এটা কোনও প্রক্রিয়া হতে পারে না। একজন স্বাস্থ্যকর্মী উচিত এই কাজ করা। অন্য কারও নয়।’ সমালোচনা শোনা গিয়েছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক আশ্বিনীকুমার মাজির গলাতেও।

এদিন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় টুইটে লিখেছেন, ‘প্রশাসকদের ওপর রাজ্য সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। একজন পুরো প্রশাসকমণ্ডলীর সদস্য নিজেই লোকজনকে টিকা দিয়ে দিচ্ছেন। সাধারণ মানুষের জীবনের ঝুঁকি বাড়িয়ে দিলেন। তাঁর রাজনৈতিক পরিচয়ই কি তাঁকে যাবতীয় শাস্তি থেকে রক্ষা করবে? এনিয়ে কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার বলেন, ‘তাবাসসুম কর্পোরেশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন। কিন্তু এটা খুব নিন্দনীয় কাজ।’ যাঁকে নিয়ে এত কাণ্ড‌ সেই তৃণমূল নেত্রী তাবাসসুম আরার সাফাই, ‘টিকা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আমি এই পদক্ষেপ করেছিলাম। স্কুলে পড়াকালীন আমি নার্সিং কোর্স করেছি। ইঞ্জেকশন আমি দিতে পারি। এনিয়ে আমার কোনও অন্য উদ্দেশ্য ছিল না।’ ওই মহিলা অবশ্য কোনও অভিযোগ দায়ের করেননি। তাঁর শারীরিক অবস্থা নজরে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে বলে দাবি করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *