খবর লাইভ : দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগানের গাড়িতে হামলার ঘটনা ঘটল। সোমবারের এই নজিরবিহীন আক্রমণ রাজ্যের গুরুত্বপূর্ণ ভোটার তালিকা বিশেষ সংক্ষিপ্ত সংশোধন প্রক্রিয়াকে প্রভাবিত করার এবং কমিশনের নজরদারি ব্যবস্থাকে ভয় দেখানোর চেষ্টা বলে অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠছে, একজন উচ্চপদস্থ সাংবিধানিক আধিকারিক, যিনি ভোটার তালিকার স্বচ্ছতা যাচাই করতে মাঠে নেমেছেন, তাঁকে কেন এ ভাবে সুপরিকল্পিতভাবে টার্গেট করা হল? এর আগে ফলতায় এসআইআরের কাজ খতিয়ে দেখতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁকে।
ঘটনার সূত্রপাত সোমবার সকালে। মগরাহাটের একটি স্কুলের হিয়ারিং সেন্টারে নথিপত্র খতিয়ে দেখতে এসেছিলেন বিশেষ পর্যবেক্ষক। মাইক্রো অবজারভারদের সঙ্গে তাঁর কথা বলার ছিল। বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে এসেছিলেন তিনি। সেই সময়েই শতাধিক লোক ওই স্কুলের কাছে পৌঁছে যান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উস্তি থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। বিষয়টি তখনকার মতো মিটমাট হয়ে যায়।
এরপর মগরাহাট ২ নম্বর ব্লক থেকে বেরিয়ে তিনি আইটিআই কলেজের দিকে যাচ্ছিলেন। অভিযোগ, পথেই তাঁর গাড়ির ওপর চড়াও হন বিক্ষোভকারীরা। গাড়ির লক ভেঙে চালকে টেনে বার করে আনার চেষ্টা চলে। তার আগে গোটা বিডিও অফিস ঘিরে ফেলেন বিক্ষোভকারীরা।
এমন স্পর্শকাতর এলাকায় কমিশনের বিশেষ পর্যবেক্ষক যখন ঘুরছেন, তখন তাঁর নিরাপত্তায় ন্যূনতম পাইলট কার বা পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা ছিল না বলে অভিযোগ উঠেছে। চালকের বয়ান অনুযায়ী, যেখানে এসপি পর্যায়ের নিরাপত্তা থাকার কথা, সেখানে পুলিশি নিষ্ক্রিয়তা দুষ্কৃতীদের সাহস জুগিয়েছে। সি মুরুগান বলেছেন, কমিশন দায়িত্ব দিয়েছে, কাজ করেই ছাড়ব এবং তিনি দিল্লিতে রিপোর্ট পেশ করবেন বলেও জানিয়েছেন।




