খবর লাইভ : আমার প্রাণ সংশয় রয়েছে। গত কয়েকদিন ধরে ফোনের মাধ্যমে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, বিস্ফোরক ভারতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। আগামী বিধানসভা নির্বাচনে নতুন দল গড়ে ১৩৫ আসনে প্রার্থী দেওয়ার কথা সম্প্রতি ঘোষণা করেছিলেন হুমায়ুন। পাশাপাশি শনিবারই বেলডাঙায় মসজিদ নির্মাণের শিলান্যাস করেন। এই পরিস্থিতিতে হুমায়ুনের এই মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
এদিন সংবাদ মাধ্যমের সামনে প্রাণসংশয়ের আশঙ্কা প্রকাশ করে হুমায়ুন বলেন, রাজ্যের বাইরে থেকে আমাকে হিন্দি ভাষায় ফোন করে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। নানানভাবে চাপ তৈরি করা হচ্ছে। দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। তাই রাজ্য সরকার হয়তো আমার নিরাপত্তা নাও বাড়াতে পারেন। তাই নিজেকে বাঁচাতে, আত্মরক্ষার্থে আমি আদালতের দ্বারস্থ হতে পারি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বহরমপুরের জনসভায় উপস্থিত হতেই হুমায়ুন জানতে পারেন, তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এরপর হুংকার দিতে ভরতপুরের বিধায়ক বলেছিলেন, আমি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবো। নতুন দল গড়ব। আগামী বিধানসভা নির্বাচনে ১৩৫ আসনে প্রার্থী দেবো। যদিও এদিন সেই ঘোষণা থেকে ১৮০ ডিগ্রি ঘুরে হুমায়ুন বলেন, ভরতপুরের মানুষের দাবি মেনে আপাতত বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছি না।




