খবর লাইভ : কলকাতায় শনিবার এক ধাক্কায় তিন ডিগ্রি নেমে গেল তাপমাত্রা। শুক্রবার যেখানে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস, সেখানে শনিবার ঝপ করে তা ১৪ ডিগ্রিতে নেমে গিয়েছে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি কম। শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে কম ছিল। দিনের তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি (স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম) সেলসিয়াসের বেশি ওঠেনি।
বঙ্গোপসাগরের উপর থেকে নিম্নচাপের প্রভাব সরে যাওয়ায় শীতের দাপট আরও বাড়ছে রাজ্যে। বাধাহীনভাবে বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা আরও অন্তত ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। রাজ্যের সর্বত্রই আকাশ শুষ্ক থাকবে, কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।
শীত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশারও প্রভাব বাড়ছে। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় সকালবেলায় মাঝারি থেকে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেক জায়গায় ২০০ মিটার থেকে কমে ১০০ মিটারেরও নিচে নেমে আসতে পারে, যার প্রভাব পড়ছে যান চলাচলে। শনিবার ভোরেও কলকাতার আকাশে হালকা কুয়াশা দেখা গেছে।
এ বছর শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের বহু রাজ্যেই সাধারণের তুলনায় বেশি ঠান্ডা পড়ার ইঙ্গিত মিলেছে। বিশ্ব আবহাওয়া সংস্থার সাম্প্রতিক রিপোর্ট বলছে, লা নিনা পরিস্থিতির কারণে উত্তর ভারতে এ বার শীত দীর্ঘস্থায়ী হতে পারে এবং শৈত্যপ্রবাহের সংখ্যাও বাড়তে পারে।




