খবর লাইভ : যখনই কোনও জায়গায় কোনও প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, সেই শহর ছেড়ে অন্যত্র যাওয়ার জন্য বিচলিত হয়ে পড়েছে মানুষ, তখনই হু হু করে বেড়ে গিয়েছে ফ্লাইটের ভাড়া। এ বারও তার অন্যথা হলো না বাগডোগরাতেও।
সোমবার প্রায় ২০ হাজার টাকা ছুঁয়েছে বাগডোগরা–কলকাতা ফ্লাইটের টিকিটের দাম। মাথায় হাত পড়েছে পর্যটকদের। যাঁদের পকেটের জোর ছিল, তাঁদের অনেকেই ওই চড়া দাম দিয়েই টিকিট কেটে কলকাতায় ফিরেছেন। বাগডোগরা–কলকাতা রুটে প্রতিদিন প্রায় ছ’টি করে ফ্লাইট রয়েছে।
তার মধ্যে স্পাইসজেটের একটি, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দু’টি এবং ইন্ডিগোর তিনটি ফ্লাইট রয়েছে। বছরের অন্য সময়ে একপিঠের ফ্লাইটের ভাড়া চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে ঘোরাঘুরি করে। এ বার সেই ভাড়াই সোমবার একলপ্তে প্রায় পাঁচ গুণ বেড়ে গিয়েছিল। সোমবার রাতে মঙ্গলবারের ফ্লাইটের টিকিট বিকিয়েছে ১১ হাজার টাকারও বেশি টাকায়।




