খবর লাইভ : পহেলগাঁও কাণ্ডের তদন্তে নেমে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। জঙ্গি হামলার ঘটনায় নিহত কলকাতার বাসিন্দা বিতান অধিকারী এবং সমীর গুহের বাড়িতেও গিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাঁরা বোঝার চেষ্টা করছেন, কী ভাবে কোথা থেকে জঙ্গিরা বৈসরন উপত্যকায় এসেছিল এবং কী ভাবে তারা হামলা চালাল।
জঙ্গি হামলায় নিহত বেঙ্গালুরুর বাসিন্দা ভরত ভূষণের বাড়িতেও গিয়েছিলেন গোয়েন্দারা। ভরতের স্ত্রী সুজাতাকেও তাঁরা আটটি প্রশ্ন করেছিলেন। ওই আটটি প্রশ্ন হল—
১। আপনারা কবে কাশ্মীরের উদ্দেশে রওনা দিয়েছিলেন এবং কবে পৌঁছেছিলেন?
২। জঙ্গিরা যখন বৈসরন উপত্যকায় এসে হাজির হয়েছিল, তখন আপনি কোথায় ছিলেন? আপনার স্বামী কোথায় ছিলেন?
৩। জঙ্গিরা কোন ভাষায় কথা বলছিল?
৪। জঙ্গিদের মুখে কোনও দাগ দেখতে পেয়েছিলেন?
৫। ওদের হাতের অস্ত্র কী রকম দেখতে?
৬। ওরা কি আপনার সঙ্গে একবারও কথা বলেছিল?
৭। আপনি কি কোনও উত্তর দিয়েছিলেন?
৮। ওদের দেখতে কী রকম ছিল? কী পোশাক পরেছিল ওরা?
পহেলগাঁওয়ের ঘটনায় নিরাপত্তা এবং গোয়েন্দাদের ব্যর্থতার অভিযোগ উঠেছে। পারতপক্ষে সেটি স্বীকার করেও নিয়েছে কেন্দ্র।




