খবর লাইভ : পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডে মৃত্যু হল দু’জনের। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। দমকল এবং পুলিশের তৎপরতায় ওই বাড়ি থেকে বেশ কয়েক জনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সোমবার ভোরে ওই বাড়ির ছাদ থেকে দু’জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ভর্তি করানো হয় কলকাতা মেডিক্যাল কলেজে। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাদের।
জানা গিয়েছে, রাত সাড়ে ১০টা নাগাদ আগুন লাগে ৬৫/এ পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি বাড়ির চারতলায়। ওই চারতলাতেই রয়েছে কাপড়ের গুদাম। দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার পরে অনেকেই প্রাণে বাঁচতে বাড়ির ছাদে ওঠার চেষ্টা করেছিলেন। কিন্তু ছাদের দরজা বন্ধ থাকায় আটকে পড়েন তারা। তবে দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় মধ্যরাতেই আগুন নিয়ন্ত্রণে আসে।




