খবর লাইভ : চোখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে হাত পা বেঁধে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছেন স্ত্রী-ই। কর্নাটকের প্রাক্তন ডিজি ওম প্রকাশ খুনে তাঁর স্ত্রী পল্লবীকে জিজ্ঞাসাবাদে এই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে পুলিশ। রবিবার রাত থেকেই তাঁর স্ত্রী এবং কন্যাকে টানা জেরা করছে পুলিশ।
রবিবার বিকালে বেঙ্গালুরু থেকে যখন ওম প্রকাশের দেহ উদ্ধার করা হয় তখন গোটা ঘর রক্তে ভেসে যাচ্ছিল। জানা গিয়েছে, এদিন দুপুরে স্ত্রীর সঙ্গে তুমল বচসা হয় তাঁর। ঝগড়ার সময়ই চোখে, মুখে লঙ্কার গুঁড়ে ছুড়ে দেয় স্ত্রী। ৬৮ বছরের প্রাক্তন পুলিশ কর্তাকে কাচের বোতল দিয়ে বারবার কোপানো হয়।
পুলিশ সূত্রে আরও খবর, স্বামীকে খুন করে নিজেই ফোনে সেকথা তার এক বান্ধকীকে জানান স্ত্রী পল্লবী। ঘটনাচক্রে তার বান্ধবী কর্নাটকেরই আর এক প্রাক্তন পুলিশকর্তার স্ত্রী। সেই বান্ধবী নিজের স্বামীকে ঘটনার কথা জানান এবং তাঁর মাধ্যমেই এই ঘটনার কথা জানতে পেরেছে পুলিশ।
জিজ্ঞাসাবাদে পুলিশ আরও জানতে পেরেছে, সম্পত্তি নিয়ে স্ত্রীর সঙ্গে ওমের বিবাদ ছিল। সম্প্রতি কোনও একটি সম্পত্তি তিনি এক আত্মীয়ের নামে লিখে দিয়েছিলেন, যাতে রাজি ছিলেন না পল্লবী। রবিবার দুপুরেও তা নিয়েই দু’জনের মধ্যে ঝামেলা হয় বলে প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান। ঝগড়া চলাকালীন প্রাক্তন পুলিশকর্তাকে লক্ষ্য করে লঙ্কার গুঁড়ো ছুড়ে মারেন মহিলা। তার পর তাঁকে দড়ি দিয়ে ঘরের মধ্যেই বেঁধে ফেলেন। দু’টি ধারালো ছুরি দিয়ে ওমকে আঘাত করা হয়েছে বলে জানা গিয়েছে। মারা হয়েছে একটি কাচের বোতল দিয়েও। প্রাক্তন পুলিশকর্তার পেটে এবং বুকে একাধিক আঘাতের চিহ্ন ছিল।



