খবর লাইভ : দিল্লির আবগারি মামলায় অতিরিক্ত চার্জশিট জমা দিল ইডি। সেই চার্জশিটে নাম রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। শুধু তা-ই নয়, চার্জশিটে অভিযুক্ত হিসাবে আপের নামও রয়েছে।
ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি এই মামলায় সাতটি চার্জশিট দাখিল করেছিল। এই প্রথম চার্জশিটে কেজরির নাম রাখল ইডি। পাশাপাশি তাঁর দল আপকেও চার্জশিটে অভিযুক্ত হিসাবে বর্ণনা করা হয়েছে।
আরও পড়ুনঃ সন্দেশখালির মাম্পিকে জামিন দিল হাই কোর্ট
শুক্রবার সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের মামলার শুনানি চলাকালীন ইডির তরফে চার্জশিটের কথা উল্লেখ করেছে। ইডির আইনজীবী, অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু জানান, বিশেষ আদালতে বিচারাধীন আবগারি দুর্নীতির মামলায় অভিযুক্ত হিসাবে কেজরীর তৈরি দলের নামও উল্লিখিত হয়েছে।
ইডির গ্রেফতারিকে ‘বেআইনি’ বলে দাবি করে প্রথমে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরি। কিন্তু দিল্লি হাই কোর্টের বিচারপতি স্বর্ণকান্তা শর্মা চলতি মাসের গোড়ায় সেই আবেদন খারিজ করে দেওয়ায় শীর্ষ আদালতের শরণাপন্ন হয়েছেন আপ প্রধান।




