খবর লাইভ : অভিযোগ- পাল্টা অভিযোগ ক্রমাগত বহরে বাড়ছে। সেই ভিডিয়োতে (সত্যতা যাচাই করেনি খবর লাইভ) যাঁকে দেখা গিয়েছিল, সেই বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল এবার স্বস্তি পেলেন। কলকাতা হাইকোর্টে শুক্রবার ছিল তাঁর করা মামলার শুনানি। তাঁর বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছে, তা খারিজের আর্জি জানিয়ে মামলা করেছিলেন গঙ্গাধর। সেই মামলায় আদালতের নির্দেশ, আপাতত গঙ্গাধরের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।
বিচারপতি জয় সেনগুপ্ত এই নির্দেশ দিলেও, গঙ্গাধর কয়ালের মামলা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ফেরত পাঠানো হয়েছে। যেহেতু মূল মামলা প্রধান বিচারপতির বেঞ্চে বিচারাধীন, তাই এই মামলা বিচারপতি সেনগুপ্ত শুনতে পারেন কি না সেই বিষয়ে ব্যাখ্যা চেয়ে মামলা গেল প্রধান বিচারপতির কাছে।
আরও পড়ুনঃ আইপিএলে ব্যর্থ হার্দিক এবার মুখ খুললেন নিজের অধিনায়কত্ব নিয়ে
এফআইআর খারিজের আবেদন জানিয়ে এবং নিরাপত্তা চেয়ে আদালতে গিয়েছিলেন গঙ্গাধর। পাশাপাশি ভিডিয়োটি ভুয়ো বলে অভিযোগ জানিয়ে সিবিআই তদন্তের দাবি জানান তিনি। সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো-কাণ্ডে উঠে এসেছে গঙ্গাধর কয়ালের নাম। মামলা ফেরত গেল প্রধান বিচারপতির বেঞ্চে। তবে আপাতত স্বস্তিতেই গঙ্গাধর।
এদিন বিচারপতি সেনগুপ্ত জানান, সন্দেশখালি মামলার তদন্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নজরদারিতে চলছে। সিবিআই এই ঘটনার তদন্ত করছে। তাই এই আবেদনেরও শুনানি প্রধান বিচারপতি বেঞ্চে হওয়া উচিত। শুধু তাই নয়, বিচারপতি এপ্রসঙ্গে আরও বলেন, ‘‘মিথ্যা মামলায় অভিযোগ করা হয়েছে। আর তাতে থানায় এফআইআর রুজু কিসের ভিত্তিতে করা হল? ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে এই এফআইআর করার সিদ্ধান্ত হওয়া উচিত ছিল।’’ এরপরই এই মামলার শুনানি পিছিয়ে দেন বিচারপতি সেনগুপ্ত। আগামী শুক্রবার মামলাটির পরবর্তী শুনানি রয়েছে।




