খবর লাইভ : ফের সন্দেশখালিতে সিবিআই। শেখ শাহজাহানের এলাকায় মিলল বিদেশি অস্ত্রভাণ্ডার। সন্দেশখালির সরবেড়িয়ার আগারহাটির মল্লিকপাড়ায় শুক্রবার সিবিআই হানা দেয়। সেখানেই তল্লাশি চালিয়ে প্রচুর বিদেশি অস্ত্র ও বোমা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। মল্লিকপাড়ার পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে তদন্তকারী সংস্থার ১০ জনের টিম তল্লাশি চালায়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী, বিদ্যুৎ দফতরের কর্মীরা। বোমা খোঁজার জন্য বিশেষ স্ক্যানারও ছিল। সিবিআই ঘটনাস্থলে গিয়ে বাড়ির মেঝে ভাঙে। সেখান থেকেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সিবিআই। বোমার খোঁজেও চালানো হয় তল্লাশি।
সন্দেশখালিতে পৌঁছে গেল এনএসজি! শেখ শাহজাহানের গড়ে বিস্ফোরকের খোঁজে পৌঁছল এনএসজি-র বম্ব স্কোয়াড। রোবট ও অত্যাধুনিক যন্ত্র নিয়ে তল্লাশি চালাচ্ছে তারা। সিবিআই সূত্রে খবর, এখনও পর্যন্ত কমপক্ষে ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এদিন শাহজাহানের-গড়ে বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা, কার্তুজের হদিশ পাওয়া যাওয়ার পর থেকে দিনভর ফের শিরোনামে সন্দেশখালি!
আরও পড়ুনঃ দেব-জুন জিতলে মেদিনীপুরকে ‘ঘাটাল মাস্টারপ্ল্যান’ উপহার দেব: বার্তা মমতা
জানা গিয়েছে, এ দিন গোপন সূত্রে গোয়েন্দারা খবর পেয়েছিলেন সন্দেশখালিতে পঞ্চায়েত সদস্যের আত্মীয় হাফিজুল খা-র বাড়িতে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র-পিস্তল-বোমা মজুত রয়েছে। তারপরেই সেখানে পৌঁছন গোয়েন্দারা। মাটি খুঁড়ে চলে তল্লাশি।শুধু তাই নয়, এর পাশাপাশি ওই বাড়িটির থেকে কয়েক কিলোমিটার দূরে আরও একটি বাড়িতেও তল্লাশি চালান গোয়েন্দারা।
সিবিআই আধিকারিকদের আশঙ্কা, সেখানে বিস্ফোরক থাকতে পারে। সেই জন্যই এনএসজি-কে খবর দেওয়া হয়। তার পরই তাদের বম্ব ডিজপোজাল স্কোয়াড অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে পৌঁছে যায়। আসে রোবটও।
ঠিক কী ধরনের বিস্ফোরক ওই বাড়ির ভিতর থাকতে পারে, সে ব্যাপারে নিশ্চিত নয় সিবিআই, সিআরপিএফ এবং এনএসজি। তাই স্বয়ংক্রিয় রোবট-সহ অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে সন্দেশখালির ওই এলাকায় পৌঁছে যান প্রতিনিধিরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকাটি খালি করে দিয়েছেন। কারণ বাড়ির ভিতর সত্যিই বিস্ফোরক থাকলে বড়সড় বিপদের আশঙ্কা হতে পারে। এলাকায় হাতেগোনা কয়েকটি বাড়িই রয়েছে। কিন্তু তাতেও যাতে কোনও রকম বিপদ না হয়, সে জন্যই এই ব্যবস্থা।




