খবর লাইভ : সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের অন্যতম প্রধান মুখপাত্র কুণাল ঘোষের। এক্স হ্যান্ডেল থেকে নিজের রাজনৈতিক পরিচয় মুছে ফেললেন কুণাল। আপাতত সেখানে তাঁর পরিচয় শুধুই ‘সাংবাদিক’ এবং ‘সমাজকর্মী’। তাৎপর্যপূর্ণভাবে নিজের রাজনৈতিক পরিচয় মোছার আগে এক্স হ্যান্ডেলেই বিস্ফোরক একটি পোস্ট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।
গতকাল রাতে কুণাল লেখেন, “নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর। সারাবছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়), অভিষেক, এবং তৃণমূলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না।” নিজের পোস্টে দলকে ট্যাগ করেছেন কুণাল। তবে কার উদ্দেশে এই পোস্ট? কাকে এত তীব্র আক্রমণ সেটা স্পষ্ট করেননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।
তবে দলের সঙ্গেই থাকছেন বলে জানিয়েছেন তিনি। শুক্রবার বিকেলে এক্স হ্যান্ডলে পোস্ট করে কুণাল জানিয়েছেন, ‘সিস্টেমে’ তিনি নিজেকে ‘মিস্ফিট’ বলে মনে করছেন। তবে দলের সৈনিক হিসাবে থাকতে চান। তৃণমূল সূত্রের খবর, কুণাল ঘোষ তাঁর নিরাপত্তাও ছেড়ে দিয়েছেন। নিজেকে দলের মুখপাত্রদের হোয়াট্সঅ্যাপ গ্রুপ থেকে সরিয়ে নিয়েছেন।
আরও পড়ুনঃ ১০ মার্চ কি হচ্ছে ডার্বি ? এলো বড় আপডেট
কুণাল লিখেছেন, ‘‘আমি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্র পদে থাকতে চাইছি না। সিস্টেমে আমি মিস্ফিট। আমার পক্ষে কাজ চালানো সম্ভব হচ্ছে না। আমি দলের সৈনিক হিসাবেই থাকব। দয়া করে দলবদলের রটনা বরদাস্ত করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি, তৃণমূল আমার দল।’’




