খবর লাইভ : মধ্যপ্রদেশে ঘর বাঁচাতে নামল কংগ্রেস। মধ্যপ্রদেশে তো বটেই, দিল্লির রাজনীতিতেও গুঞ্জন যে, কমল নাথ এবং তাঁর সাংসদ পুত্র নকুল নাথের সঙ্গে বিজেপিতে যোগ দিচ্ছেন বেশ কয়েক জন বিধায়ক। দলের বিধায়কদের সঙ্গে আলাদা করে বৈঠকে বসছেন কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা উমঙ্গ সিংরারও। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, বৈঠকে বিধায়কদের মধ্যে দলের প্রতি কোনও ক্ষোভ বা অভিযোগ রয়েছে কি না, তা জানতে চাওয়া হচ্ছে।
এখানে বর্তমানে কংগ্রেসের ৬৬ জন বিধায়ক রয়েছেন। তাঁদের মধ্যে দশ জনকেই আপাতত সন্দেহের তালিকায় রাখছে কংগ্রেস। এই দশ কমল-ঘনিষ্ঠ বিধায়কের মধ্যে আছেন প্রাক্তন সাংসদ এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী সজ্জন সিং বর্মা।সজ্জন-সহ বেশ কিছু বিধায়ক শনিবারই কমল নাথের সঙ্গে দিল্লি গিয়েছেন।প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু জানিয়েছেন, তিনি স্বপ্নেও ভাবতে পারেন না যে, কমল নাথ বিজেপিতে যোগদান করবেন। তবে কংগ্রেসের অন্দরের খবর, জল্পনাকে সত্যি করে কমল নাথ বিজেপিতে গেলে নতুন করে মুখ পুড়বে তাদের। একদা শক্ত ঘাঁটি মধ্যপ্রদেশে ক্ষয়িষ্ণু হবে দল।
আরও পড়ুনঃ এবার ‘দিদি নম্বর ওয়ান’-এ বাংলার দিদি
শনিবার দিল্লি পৌঁছে বিজেপিতে যোগ দেওয়ার কথা খোলসা করে না বললেও জল্পনা একেবারে উড়িয়ে দেননি কমল। জল্পনা আরও উস্কে পুত্র নকুল আবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ‘কংগ্রেস’ পরিচয় মুছে দিয়েছেন।এর আগে কমল নাথের সঙ্গে মতানৈক্যের জেরেই দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন জ্যোতিরাদিত্য শিন্ডে। মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে শোচনীয় ব্যর্থতার পর এ বার কমলের দল ছাড়া নিয়েও গুঞ্জন শুরু হয়েছে।




