খবর লাইভ : আদালতের নির্দেশ মেনে যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়েই আজ আলিপুর জাজেস কোর্টে হাজির হলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। ফ্ল্যাট সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশের চারদিনের মধ্যে হাজিরা দিলেন অভিনেত্রী। আইনজীবী-সহ নুসরত আদালতে সব নথি জমা দিয়েছেন বলে খবর। এরপরই মামলা শুরু হওয়া সম্ভাবনা বলে খবর। ‘সেভেন্থ সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ নামে এক সংস্থার ডিরেক্টর থাকাকালীন কর্মীদের ফ্ল্যাট দেওয়ার নাম করে নুসরতের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। সেই মামলায় আদালতের নির্দেশ মেনেই শুনানিতে পৌঁছলেন সাংসদ।
২০১৪ সালে টাকা নিয়ে ফ্ল্যাট না দেওয়ার অভিযোগ উঠে নুসরতের বিরুদ্ধে। এই ঘটনায় অভিনেত্রী নিজে প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। এবং তিনি জানিয়েছিলেন যে তদন্ত করলেই আসল সত্যি বেরিয়ে আসবে। সেইসময় থেকেই তদন্তে সহযোগিতার কথা জানিয়েছিলেন তিনি। সেইমতো জাজেস কোর্টের নির্দেশ মেনেই শনিবার আদালতে গিয়ে নথি জমা দিলেন নুসরত জাহান।




