খবর লাইভ : নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্ট ভেঙে রেললাইনের উপরে মুখ থুবড়ে পড়ল বাস। মর্মান্তিক পরিণতি যাত্রীদের। রবিবার রাতে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে একটি যাত্রী বোঝাই বাস। দুর্ঘটনায় কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ১২ যাত্রী। রবিবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটে রাজস্থানের দৌসা জেলায়। জয়পুর-দৌসা ২১ নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনা।
জানা গিয়েছে, হরিদ্বার থেকে উদয়পুরে আসছিল বাসটি। কমপক্ষে ৩০ জন যাত্রী ছিল বাসে। মধ্যরাতে দৌসা কালেকটরেট সার্কেলের কাছেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি কালভার্ট ভেঙে নীচের রেললাইনে মুখ থুবড়ে পড়ে। এদিকে যাত্রীদের চিৎকার শুনতে পেয়েই ছুটে যান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে যান এসডিএমও। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। আহতদের চিকিৎসার জন্য আশেপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুনঃ প্রোটিয়াদের বিরুদ্ধে বড় জয় ভারতের,২৪৩ রানে হারিয়ে গ্রুপ শীর্ষে রোহিতরা
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে অনুমান, দ্রুতগতিতে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়েই কালভার্টে ধাক্কা মারে এবং রেললাইনের উপরে পড়ে যায়। প্রায় ৫০ ফুট উচ্চতা থেকে নীচে আছড়ে পড়ে বাসটি। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ-প্রশাসন আসে। আহত ২৮ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর।




