খবর লাইভ : ইডেনে বিশ্বকাপের ম্যাচে রবিবার মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের টিকিটের কালোবাজারির অভিযোগে তোলপাড় শহর। এই আবহে তৎপরতা বেড়েছে পুলিশেরও। ইডেনের আশেপাশে মোতায়েন করা হয়েছে প্রায় ২৫০ পুলিশ। এদিকে টিকিট কালাবাজারি কাণ্ডে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে তলব করেছে পুলিশ। শনিবার সকালে ময়দান থানায় গেলেন সিএবি কর্তারা। এর আগে অনলাইন টিকিট বুকিং সংস্থার কর্তাদেরও থানায় হাজিরা দিতে হয়েছে।
এরই মাঝে শহরে বিভিন্ন জায়গায় হানা দিয়ে ১ নভেম্বর থেকে এখনও পর্যন্ত অন্তত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন হেমল শাহ নামক একজন ব্যক্তি। তিনি এন্টালির বাসিন্দা। রিপোর্ট অনুযায়ী, তিনি সিএবি সদস্য।
ক্রিকেটপ্রেমীদের অভিযোগ, অনলাইনে যে সংস্থা বিশ্বকাপের ম্যাচগুলির টিকিট বিক্রি করছে তাদের পাশাপাশি, সিএবি এবং বিসিসিআই কর্তারা টিকিট সরিয়ে দিয়েছেন। সেই টিকিট কালোবাজারে চলে গিয়েছে। ময়দান এবং এন্টালি, কলকাতা পুলিশের এই দুই থানায় শুক্রবার রাত পর্যন্ত মোট সাতটি এফআইআর হয়েছে সিএবি এবং অনলাইনে টিকিট বিক্রি করা ওই সংস্থার বিরুদ্ধে।
স্টেডিয়ামে আসন সীমিত। অথচ টিকিটের চাহিদা আকাশছোঁয়া। তাল মেলাতে হিমশিম খাচ্ছেন সিএবি কর্তারা। অভিযোগ, সিএবির সদস্যদের অধিকাংশই টিকিট পাননি। ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীদের একাংশ সিএবি এবং অনলাইনে টিকিট বিক্রি করার সংস্থার বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ এনে এফআইআর দায়ের করেছেন। তারই ভিত্তিতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা।




