খবর লাইভ : শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালি এলাকা থেকে মুক্তি আলি নামে এক যুবককে ৬০০ গ্রাম মাদক এবং ৫ লক্ষ টাকা-সহ গ্রেফতার করে শিলিগুড়ি কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)। এর পর ধৃত মুক্তিকে জেল হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই উঠে এসেছে পুলিশকর্মী মোবারক আলির নাম। এতেই শোরগোল পড়েছে শিলিগুড়ির পুলিশ মহলে।
যাঁর নাম উঠে এসেছে, তিনি কারাকর্মী। শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারের হয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে কারা বিভাগের দায়িত্ব সামলান তিনি। ওই পুলিশকর্মীর বাড়ি শিলিগুড়ি মহকুমা পরিষদের নকশালবাড়িতে। মাস ছয়েক ধরে কারা বিভাগের কাজে কর্মরত তিনি। অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে ওই পুলিশকর্মীকে।
শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, ‘‘মোবারক আলিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’’
এক জন কারাকর্মী কী ভাবে মাদকের কারবার করছিলেন এবং বন্দিদের মধ্যে দিনের পর দিন মাদক সরবরাহ করছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।




