খবর লাইভ : কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নেওয়া যায়নি। বুধবার সিদ্ধান্ত হলে খড়্গে নিজে বেঙ্গালুরু গিয়ে কংগ্রেস পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করে নাম ঘোষণা করতে পারেন।
কারণ, কর্ণাটকের অধিকাংশ কংগ্রেস বিধায়ক সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইলেও, দাবিতে অনড় প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার।
জট কাটাতে খড়্গে আলাদা আলাদা ভাবে সিদ্দারামাইয়া এবং ডি কে শিবকুমারের সঙ্গে বৈঠক করেন। প্রথমে শিবকুমারের সঙ্গে বৈঠক হয়।
শিবকুমারকে জানানো হয়, দলের অধিকাংশ বিধায়ক সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী চাইছেন। শিবকুমারের জন্য খড়্গের প্রস্তাব ছিল, তিনি উপমুখ্যমন্ত্রী হোন। পছন্দমাফিক দফতর তাঁকে দেওয়া হবে। তাঁর অনুগামীদেরও পছন্দমাফিক দফতর দেওয়া হবে।
কিন্তু শিবকুমার জানিয়ে দেন তিনি মুখ্যমন্ত্রীই হতে চান। কারণ তিনি সনিয়া গান্ধীকে কথা দিয়েছিলেন, কর্নাটক জিতে আনবেন। তা তিনি করে দেখিয়েছেন। সিদ্দারামাইয়া আগে মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি ফের কেন মুখ্যমন্ত্রী হবেন? জেডিএস থেকে কংগ্রেসে এসে সিদ্দারামাইয়া বরাবর মুখ্যমন্ত্রী বা বিরোধী দলনেতার পদ পেয়ে এসেছেন বলেও অনুযোগ করেন শিবকুমার।




