খবর লাইভ : হঠাৎই বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল। মঙ্গলবার আচমকা তীব্র বিস্ফোরণের আওয়াজ শোনেন স্থানীয়রা। বিস্ফোরণের জেরে এখনো পর্যন্ত চারজনের মৃত্যু মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত চারজন। বিস্ফোরণের জেরে ঘটনাস্থল সংলগ্ন রাস্তাতেও ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।
ঘটনাস্থলে পৌঁছেছে এগরা থানার পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। বাজি কারখানায় বিস্ফোরণের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান। বাড়িতে বেআইনিভাবে বাজি কারখানা চলছিল বলে অভিযোগ স্থানীয়দের।
এ দিন দুপুরে আচমকাই সেরকম একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা বাড়িটি উড়ে যায়৷ ইতিমধ্যেই ঘটনার তদন্তভার সিআইডি-কে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথকে৷
খবর পেয়ে ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল৷ ঘটনাটি ঘটেছে এগরার সাহাড়া অঞ্চলের গোপীনাথপুর চাঁদকুড়ি গ্রামে৷
স্থানীয় বাসিন্দা কৃষ্ণপদ ওরফে ভানু বাগের বাড়িতে এই বিস্ফোরণ ঘটেছে বলে খবর৷ বোমা বাঁধার সময়ই বিস্ফোরণ ঘটে বলে খবর৷ ভানু বাগ এলাকার পরিচিত তৃণমূল নেতা বলেই খবর৷
বিস্ফোরণের বিকট শব্দে এ দিন গোটা এলাকা কেঁপে ওঠে৷ এর পরেই প্রথমে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন৷ দেখা যায়, গোটা বাড়িটি ধ্বংস্তূপে পরিণত হয়েছে৷ ঘটনাস্থলে আশেপাশে ছড়িয়ে ছিঁটিয়ে পড়েছিল মৃত এবং আহতদের দেহ৷ তবে যে মাপের বিস্ফোরণ ঘটেছে, তাতে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে৷




